
পতাকা ডেস্ক : প্রতারণা মামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটি থেকে বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচ জনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ রায় ঘোষণা দেন।
দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন-হেলেনা জাহাঙ্গীরের আইপিটিভি জয়যাত্রা টেলিভিশনের মহাব্যবস্থাপক হাজেরা খাতুন, টেলিভিশনের সমন্বয়ক সানাউল্লাহ নূরী, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ ও স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান।
রায় ঘোষণার সময় হেলেনা জাহাঙ্গীর ও হাজেরা খাতুন উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বাকি তিনজনকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।
এর আগে ২০২১ সালের ২১ নভেম্বর আদালতে হেলেনাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার চার্জশিট দাখিল করেন অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম। ২০২২ সালের ১৮ এপ্রিল মামলায় হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। এর আগে আদালত মামলার বাদিসহ রাষ্ট্রপক্ষের ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন।
উল্লেখ্য, ২০২১ সালের ২ আগস্ট রাতে পল্লবী থানায় জয়যাত্রা টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি আবদুর রহমান তুহিন প্রতারণার মামলাটি করেন। ওই মামলায় তিনি অভিযোগ করেন, জয়যাত্রা টিভির স্থানীয় সংবাদদাতা হিসেবে নিয়োগ দেয়ার জন্য তার কাছ থেকে ৫৪ হাজার টাকা নেন হেলেনা জাহাঙ্গীর। প্রতিবেদক হিসেবে তিনি কয়েক মাস কাজ করলেও কোনো বেতন পাননি। অন্য দিকে তার কাছ থেকে প্রতিমাসে তিন হাজার টাকা নেয় টেলিভিশন কর্তৃপক্ষ।



