পীরগঞ্জে যৌতুকের দাবীতে গৃহবধূর হাত-পা বেঁধে নির্যাতন

রংপুর প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে দু’লাখ টাকা যৌতুকের দাবীতে স্ত্রী নূরুন্নাহার মুন্নীকে হাত-পা বেঁধে অমানবিক নির্যাতন করেছে স্বামী জুয়েল মিয়া। খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করেছে। সোমবার রংপুরের পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের কাজীরপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই জুয়েলসহ তার পরিবারের লোকজন অঅত্মগোপন করেছেন। পীরগঞ্জ থানার ওসি তদন্ত মাসুমুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, প্রায় ১০বছর আগে রংপুর নগরীর ধর্মদাস এলাকার মিলনপাড়ার নুরুন্নাহার বেগম মুন্নির বিয়ে হয়। জুয়েল মিয়ার সঙ্গে । তাদের একটি ছেলে রয়েছে। বিয়ের পর মুন্নীর বাবা জুয়েলকে মোটা অংকের টাকা যৌতুক দিলেও এতে তিনি সন্তুষ্টু হতে পারেননি। একারণে তিনি আরও ২ লাখ টাকা যৌতুক দাবি করে মুন্নিকে প্রায়ই মারধর করতে থাকেন। এমনকি একই দাবীতে শ্বশুরবাড়ির লোকজনও তাকে প্রায়ই নির্যাতন করতে থাকেন। এরই ধারাবাহিকতায় ওইদিন সন্ধ্যায় মুন্নির স্বামী, ননদ, ভাসুর, চাচি শাশুড়িসহ কয়েকজন তার হাত-পা বেঁধে মারধর করে বাড়িতেই ফেলে রাখে। বিষয়টি জানতে পেরে মুন্নির স্বজন ও এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার শারীরীক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ডা. সামিনা জানান, মুন্নির সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে ওসি (তদন্ত) মাসুমুর রহমান বলেন, ওই ঘটনায় মামলা হয়েছে। তবে আসামীরা আত্মগোপনে থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হচ্ছেনা।




