পিরোজপুরে ৩০৩ বোতল ফেন্সিডিলসহ স্কুল শিক্ষক গ্রেফতার

সংবাদদাতা, পিরোজপুর : পিরোজপুরে ৩০৩ বোতল ফেন্সিডিল ও নগদ প্রায় ৫ লাখ টাকাসহ স্কুল শিক্ষক মো. মশিউর রহমান খান শুভ (৩২) ও তার সহযোগী সঞ্জয় কুমার বসুকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় পৌর শহরের ২নং ওয়ার্ডের ঝাটকাঠী এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মশিউর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের বড়জলা গ্রামের মৃত আশ্রাব আলীর পুত্র ও সঞ্জয় পৌর শহরের ১নং ওয়ার্ডের আলমকাঠী এলাকার রনদেব কুমার বসুর পুত্র।
থানা পুলিশ সূত্র জানান, আটককৃত স্কুল শিক্ষক মশিউর রহমান শুভ দীর্ঘদিন ধরে শহরে ফেন্সিডিল বেচা-কেনাসহ সেবন করে আসছেন। তিনি পিরোজপুরের সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের ছাত্রলীগ মনোনীত প্যানেলের নির্বাচিত সাবেক ক্রীড়া সম্পাদক ও বর্তমানে উপজেলার চিথলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের জিএস এমডি মেজবা উদ্দিন সাবুর ভাই।
থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, ওই স্কুল শিক্ষকের পৌর এলাকার বসত বাড়িতে বসে ফেন্সিডিল বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. আজাদের নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালাই।
এসময় তাদের কাছে থাকা ৩০৩ বোতল ফেন্সিডিল ও নগদ ৪ লাখ ৯৮হাজার ৫৩০টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের বাইপাস এলাকার যুবউন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের পশ্চিম পাশ থেকে ৭৯০ বোতল ফেন্সিডিলসহ একটি প্রাইভেট কার আটক করা হয়।




