পিরোজপুরে বতর্মান চেয়ারম্যানের হামলায় সাবেক চেয়ারম্যান নিহত

মোঃ নাছির উদ্দিন, পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠুন হালদার হামলা চালায় সাবেক চেয়ারম্যান শেখর সিকদারের উপর, হামলায় শেখর সিকদার নিহত হন। চেয়ারম্যান মিঠুন হালদার কয়েকজন সঙ্গপঙ্গ নিয়ে এ হামলা চালায় বলে স্থানীয় সূত্রে জানা যায়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কুড়িয়ানা বাজারে ওই ঘটনা ঘটে।
সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহবুবা এসব তথ্য জানান।
এ ঘটনায় স্বাধীন হালদার নামের একজনকে কুড়িয়ানা বাজার থেকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয়রা জানায় চেয়ারম্যান হওয়ার পরে এলাকায় আধিপত্য বিস্তার করতে সন্ত্রাসী বাহিনী তৈরী করেন তিনি।
ওই বাজারের ব্যবসায়ী সজল সিকদার বলেন, “ঘটনার ১০ মিনিট আগে সাবেক চেয়ারম্যান শেখর সিকদারের দোকানে গিয়ে পাশেই কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়ানুষ্ঠান দেখতে যাওয়ার জন্য বলেন মিঠুন হালদার। এ সময় শেখর সিকদারের কাছে ৫ লাখ টাকা দাবি করেন মিঠুন। তখন শেখর সিকদার ‘কীসের টাকা’, জানতে চাইলে তখন গালিগালাজ শুরু করেন মিঠুন হালদার। শেখর সিকদার বলেন,টাকা লাগে দিব এখন স্পোর্টস দেখতে চল। একথা বলার সঙ্গে সঙ্গে মিঠুন চেয়ারম্যান বলেন,শালারে শোয়ায়ে ফেল,তখন সঙ্গে থাকা পঙ্কজ ও শঙ্কর কাঠের চলা দিয়ে এলোপাতাড়ি পেটাতে শুরু করে। আমি থামাতে গেলে আমাকেও বেদম পিটিয়ে আহত করেছে। এক পর্যায়ে শেখর সিকদার মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ নিয়ে আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠুন হালদারের বক্তব্য নিতে বারবার ফোন করা হলেও কোনো সাড়া মেলেনি।




