পিছলে পড়ে আহত অভিনেত্রী পূজা

পা পিছলে বেশ আহত হয়েছেন পূজা চেরি। এ অভিনেত্রী মঙ্গলবার দিবাগত রাতে ওয়াশ রুমে পড়ে যান বলে জানান তার মা ঝরনা রায়।
এ ঘটনায় পূজার মাথা ফেটে গেছে। একদম রক্তারক্তি অবস্থা।
ঝরনা রায় ফেইসবুকে লেখেন, “আজ রাত ১২:৩০ মিনিটে পূজা ওয়াশ রুম থেকে পা পিছলে পড়ে গিয়ে মাথা ফেটে গিয়েছে এবং খুব ব্লিডিংও হয়েছে । ওর জন্য দোয়া করবেন সবাই।”
সংবাদমাধ্যমকে তিনি জানান, ক্ষত থেকে বেশ রক্ত ঝরেছে। বন্ধ করতে প্রায় আড়াই ঘণ্টা লেগেছে। করোনা পরিস্থিতি ও রাত বেশি হওয়ায় হাসপাতালে নেওয়া হয়নি পূজাকে। আপাতত বাসায় চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসক ব্যথানাশক ও ঘুমের ওষুধ দিয়েছেন বলে উল্লেখ করেন।
শিশুশিল্পী হিসেবে পূজা বিজ্ঞাপন ও সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান। নায়িকা হিসেবে অভিষেক হয় রায়হান রাফী ‘পোড়ামন টু’ সিনেমায়।
অভিনেত্রীর মুক্তি পাওয়া অন্য সিনেমা হলো প্রেম আমার টু ও দহন। মুক্তির অপেক্ষায় আছে জ্বীন, শান ও সাইকো। এ ছাড়া সম্প্রতি সরকারি অনুদানে নির্মিতব্য ‘হৃদিতা’ শিরোনামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। তার বিপরীতে আছেন এবিএম সুমন।




