পার্বত্য চট্টগ্রামের সকল বৈষম্য আর ষড়যন্ত্রের বিরুদ্ধে জেগে উঠতে হবে

মোঃ হাবীব আজম,রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান বলেছেন পার্বত্য চট্টগ্রামের সকল বৈষম্য আর ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্র ও যুব সমাজকে জেগে উঠতে হবে। পার্বত্য চট্টগ্রাম ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সহ যে সকল কালো আইনের মাধ্যমে পার্বত্য বাঙালিদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এসকল আইনের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়তে সকল পার্বত্যবাসীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বৃহষ্পতিবার সন্ধ্যায় রাঙামাটি শহরের একটি রেষ্টুরেন্টে আয়োজিত পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের বাঙালীদের পরিকল্পিতভাবে ভূমিহীন করার ষড়যন্ত্র চলছে।
একটি মহল বিদেশী ষড়যন্ত্রকারীদের সাথে হাত মিলিয়ে পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। এরই ধারাবাহিকতায় বিতর্কিত ভুমি কমিশন বাস্তবায়ন করে পাহাড়ের সংখ্যা গরিষ্ঠ মানুষকে ভুমিহীন করার পায়তারা চলছে। পার্বত্য চট্টগ্রামের মানুষ বিতর্কিত ভুমি কমিশন আইন মেনে নেবে না উল্লেখ করে তিনি এ আইন সংশোধনের দাবি জানান।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাজুল ইসলাম এর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা প্রচার সম্পাদক হুমায়ুন কবির, রাঙামাটি পৌর কমিটির সাধারণ সম্পাদক হিরো তালুকদার, ছাত্র নেতা রাজু, শহিদুল ইসলাম, সজিব সহ অন্যান্যরা।



