পাকিস্তান প্রশ্নে ভারতের দাবি প্রত্যাখ্যান যু্ক্তরাষ্ট্রের

পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছিল ভারত। কিন্তু যুক্তরাষ্ট্র তা সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। বিশ্লেষকেরা মনে করছেন, এর ফলে সাম্প্রতিক সময়ে কূটনৈতিক দিক থেকে ভারতের বিপরীতে আরেকটি সাফল্য পেল পাকিস্তান।
শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘‘যত দূর আমি জানি, এখনই পাকিস্তান নিয়ে ভাবা হচ্ছে না৷’’ তিনি পরিষ্কার জানিয়ে দেন, ‘‘এই ধরনের কোনো বিল আনা হলেও, আমেরিকা কখনো তা সমর্থন করবে না৷’’
কিরবি আরো জানিয়েছেন, ‘ভারত-পাক সীমান্তে সন্ত্রাসমূলক কাজকর্ম নিয়ে অবশ্যই চিন্তিত আমেরিকা৷ কিন্তু, সন্ত্রাসের মোকাবিলায় ভারত ও পাকিস্তানের সঙ্গে একযোগে কাজ করতে হবে৷’’
পাশাপাশি কাশ্মীর নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট জানিয়ে দেন তিনি৷ কিরবির কথায়, ‘‘আলাপ আলোচনার মাধ্যমেই ভারত-পাকিস্তানকে সমস্যা মিটিয়ে নিতে হবে৷’’




