পাকিস্তান টি-২০ দলে তিন চমক

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করাচিতে অনুষ্ঠিতব্য তিন ম্যাচ টি-২০ সিরিজের জন্য ঘোষিত পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন ফর্মে থাকা ওপেনার কামরান আকমল। তবে দলে সুযোগ পেয়েছেন তিন নতুন মুখ।
২০০৯ সালের পর বন্দর নগরী করাচিতে ১, ২ ও ৩ এপ্রিল অনুষ্ঠিতব্য প্রথম আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তান দলের নেতৃত্ব দেবেন সরফরাজ আহমেদ।
সদ্য শেষ হওয়া পাকিস্তান সুপার লীগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে ১৩ ম্যাচে একটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরিসহ মোট ৪২৫ রান করা সত্ত্বেও জাতীয় দলে জায়গা পাননি ৩৬ বছর বয়সী কামরান।
তবে সাবেক অধিনায়ক ইনজামাম উল হকের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ও প্রধান কোচ মিকি আর্থার বয়স এবং দুর্বল ফিল্ডিংয়ের কারণে তাকে দলে রাখেননি।
নতুন মুখ হিসেবে দলে জায়গা পেয়েছেন পিএসএল শিরোপা জয় করা ইসলামাবাদ ইউনাইটেডের আসিফ আলতাফ, হুসেইন তালাত এবং লাহোর ক্লান্দার্সের উঠতি পেসার শাহীন শাহ আফ্রিদি।
ইনজামাম বলেন,‘ পিএসএল ভাল করায় আমরা প্রাথমিকভাবে তালাত, আসিফ এবং শাহীনকে দলে অন্তর্ভুক্ত করেছি। ইনজুরি থেকে এখনো পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় আমরা ইমাদ ওয়াসিম এবং রুম্মন রইসকে বিবেচনা করিনি।’
২৬ বছর বয়সী আসিফ এক ওভারে তিনটি ছক্কা হাকিয়ে পিএসএল ফাইনালে ইসলামাবাদের শিরোপা জয়ে গুরুত্বপুর্ন ভুমিকা রেখেছেন। পুরো টুর্নামেন্টেই আক্রমনাত্মক ব্যাটিং করেছেন তিনি। বাঁ-হাতি ব্যাটসম্যান ২২ বছর বয়সী তালাত দেখিয়েছেন অলরাউন্ড নৈপুন্য।
পিএসএলে মুলতানের বিপক্ষে মাত্র ৫ রানে ৪ উইকেট শিকার করেছেন দীর্ঘ দেহী বাঁ-হাতি পেসার শাহীন। প্রধান কোচ আর্থার বলেন ১৭ বছর বয়সী এ উঠতি ক্রিকেটার ভবিষ্যতে পাকিস্তান জাতীয় দলের গুরুত্বপুর্ন সম্পদে পরিনত হতে পারেন।
দলে ফিরেছেন ২০১৬ সালের জুনয়ারীতে পাকিস্তানের জার্সি গায়ে মাঠে নামা ২৯ বছর বয়সী রাহাত আলী।
২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে করাচিতে শ্রীলংকা ও পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এক সপ্তাহ পর লাহোরে লংকান দল বহনকারী বাসে হামলা হলে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ হয়ে পড়ে।
দল: সরফরাজ আহমেদ(অধিনায়ক), আহমেদ শেহজাদ, ফখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, হুসেইন তালাত, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ আমির, হাসান আলী, রাহাত আলী, উসমান খান শিনওয়ারি, শাহীন শাহ আফ্রিদি।




