খেলা

পাকিস্তানের সঙ্গে খেলা নিয়ে দু’ভাগে বিভক্ত ভারত

কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ভারতের ৪৯ সিআরপিএফ সদস্য নিহতের ঘটনায় পাকিস্তানের সঙ্গে বিশ্বকাপে ম্যাচ খেলা নিয়ে দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছে ভারত। সৌরভ গাঙ্গুলি, হরভজন সিং, ভি ভি এস লক্ষণের মতো তারকা ক্রিকেটাররা চান ম্যাচ বয়কট করতে। তাদের সঙ্গে সুর মিলিয়েছে দেশটির বেশিরভাগ জনগণ। তবে আবেগের বশবর্তী হয়ে এমন সিদ্ধান্ত নিলে তা পাকিস্তানের পক্ষে উপকার হবে বলেও মনে করছেন ভারতের আরেকটি পক্ষ। এই দলে রয়েছেন সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকারের মতো তারকারা।
সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ‘কলকাতার যুবরাজ’ খ্যাত সৌরভ গাঙ্গুলী বলেন, পুলওয়ামায় যা ঘটেছে তা অত্যন্ত বেদনাদায়ক। এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। আর এজন্য ভারতীয়দের মধ্য থেকে যেসব প্রতিক্রিয়া আসছে তা ঠিক। এই ঘটনার পর পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় কোনো সিরিজ খেলা সম্ভব নয়।
ভি ভি এস লক্ষণ বলছেন, যেভাবে কাপুরুষের মতো জওয়ানদের আক্রমণ করা হয়েছে, তাতে গোটা দেশ শুধু মানসিকভাবে আঘাতই পায়নি, ক্ষুব্ধও। এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলার প্রশ্নই ওঠে না। যে দেশ সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়, তাদের সঙ্গে খেলব না।
তবে তাদের সঙ্গে একমত নন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। তিনি বলেন, বিশ্বকাপে ভারত যদি পাকিস্তানের বিপক্ষে না খেলে তাহলে কার জয় হবে? আমি সেমিফাইনাল কিংবা ফাইনালের কথায় যাচ্ছি না। গ্রুপ পর্বে পাকিস্তানকে ম্যাচ ছাড়লে ওরা দুই পয়েন্ট পেয়ে যাবে। কিন্তু ইতিহাস বলছে, আমরা বিশ্বকাপে পাকিস্তানকে প্রতিবার হারিয়েছি। সেখানে আমরা পাকিস্তানকে হারিয়ে এটা নিশ্চিত করতে পারি, যাতে ওরা টুর্নামেন্টে আর বেশি দূর না এগোতে পারে। তাই আমার মতে ম্যাচ বয়কট করার মতো সিদ্ধান্ত না নেওয়াই ভালো।
তিনি বলেন, ভারতীয় দল এতটাই শক্তিশালী যে পাকিস্তান ম্যাচ না খেলেও সেমিফাইনালে উঠতে পারে। কিন্তু আমাদের এটা নিশ্চিত করতে হবে, পাকিস্তান যেন সেমিফাইনালে না ওঠে। তার জন্য ওদের হারিয়ে দুই পয়েন্ট ছিনিয়ে নিতে হবে। তাই কোনোভাবেই দুই পয়েন্ট ‘উপহার’ দেওয়া ঠিক হবে না।
গাভাস্কার আরও বলেন, দেশের মানুষ যদি চায় পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে খেলা উচিত নয়, সেটাও আমি মেনে নেব। পাকিস্তানকে ভাতে বা পাতে মারতে হবে। দ্বিপাক্ষিক সিরিজ না খেললে পাকিস্তানের সবচেয়ে বড় ক্ষতি। কিন্তু আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানকে বয়কট করা মানে ওদের এগিয়ে যাওয়ার পথ করে দেওয়া।
একই কথা বলছেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকারও। শুক্রবার ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, বিশ্বকাপে সবসময় পাকিস্তানকে হারিয়েছে ভারত। সময় হয়েছে তাদের আরও একবার হারানোর। আমি ব্যক্তিগতভাবে চাই না তাদের দুই পয়েন্ট এমনি এমনি দিয়ে দিতে আর টুর্নামেন্টে সাহায্য করতে।
এদিকে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নিয়ন্ত্রক সংস্থা কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ) জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে বিশ্বকাপের ম্যাচ না খেলা নিয়ে এখনই কোনো সিদ্ধান্তে যাবে না তারা।
প্রসঙ্গত, আগামী ৩০ মে থেকে যুক্তরাজ্যে বসছে এবারের ওয়ানডে বিশ্বকাপের আসর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button