
পাকিস্তানে গতকাল বুধবার সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। স্থানীয় সময় বিকেল ৬টায়। এরপর কেটে গেছে আরো ১৫ ঘণ্টা। অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। দেশবাসীসহ সারা বিশ্ব এখন তাকিয়ে আছে দেশটির নির্বাচন কমিশনের দিকে। কখন আনুষ্ঠানিক ঘোষণা আসবে। আর দেশটির ইতিহাসে এবারই প্রথম পর পর দুটি বেসামরিক সরকার।
এ পর্যন্ত ভোট গণনা পুরোপুরি শেষ হয়েছে। নির্বাচন কমিশন বলছে, ইমরান খানের পিটিআই ১১৩ আসনে জয় পেয়েছে। নওয়াজ শরিফের পিএমএল-এন পেয়েছে ৬৪টি আসনে জয়, বিলওয়াল ভুট্টোর নেতৃত্বে থাকা পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৪৩ আসনে জয়। আজ বৃহস্পতিবার সকালে বেসরকারি এ তথ্য জানা গেছে।
সে হিসেবে বলাই যায়, এগিয়ে রয়েছে ইমরান খানের দল পিটিআই। আর জয়ের ব্যাপারে আশাবাদী দলটি। সবকিছু ঠিকঠাক থাকলে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন ইমরান খান। আর এরই মধ্যে দলটির নেতাকর্মীরা উল্লাস মেতে উঠেছেন। যদিও পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে হলে ১৩৭ আসনে জয় পেতে হবে। না পেলে অন্য রাজনৈতিক দলের সঙ্গে জোট করতে হবে।
সংবাদমাধ্যম ডন বলছে, তেহরিক-ই-ইনসাফের মুখপাত্র নাইমুল হক টুইট করে জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইমরান খান। নির্বাচনে বিপুল সমর্থনের জন্য জনগণকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতেই এই ভাষণ দেবেন দলটির প্রধান। এই নির্বাচন ছিল শুভ আর অশুভ শক্তির মধ্যে পার্থক্য বলে জানান এই মুখপাত্র। তবে নির্বাচনের চূড়ান্ত ফল না পাওয়া পর্যন্ত নিয়ে ইমরান খানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
যদিও কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএল-এন এ ফল প্রত্যাখ্যান করেছে এবং কারচুপির অভিযোগ এনেছে। তবে পাকিস্তানের নির্বাচন কমিশন বলছে, ভোট কারচুপির অভিযোগের সত্যতা নেই।
আজ সকালে নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলেন, কারিগরি ত্রুটির কারণে ফল পেতে বিলম্ব হয়েছে। কমিশন সচিব বাবর ইয়াকুব বলেন, ‘কোনো ষড়যন্ত্র হয়নি, ফল প্রকাশে দেরি করার জন্য কোনো চাপ দেওয়া হয়নি। ফল স্থানান্তর ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ায় দেরি হয়েছে।’
নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ নেতৃত্বাধীন পিএমএল-এন ফল প্রত্যাখ্যান করেছে। শাহবাজ অভিযোগ করেন, ভোটকেন্দ্রে অবস্থান নেওয়া সেনাসদস্যরা অন্য রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের বের করে দিয়েছে।
সংবাদ সম্মেলনে শাহবাজ বলেন, ‘ভোট জালিয়াতি হয়েছে। মানুষের মতামতকে অগ্রাহ্য করা হয়েছে। এটা সহ্য করা যায় না।’
পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো বলেন, তিনি এখনো কোনো আনুষ্ঠানিক ফলাফল পাননি। তিনি বলেন, ‘আমার প্রার্থীরা অভিযোগ করেছেন, দেশজুড়ে ভোটকেন্দ্রগুলো থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। অমার্জনীয় ও গর্হিত।’
পিপিপির মুখপাত্র শেরি রেহমান বলেন, স্পষ্টভাবেই নির্বাচনে হস্তক্ষেপ করা হয়েছে। একটি দল ছাড়া সব দলকে কোণঠাসা করা হয়েছে।
ভোর ৪টায় আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মুহাম্মদ রাজা খান বলেন, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য পাকিস্তানের জনগণকে অভিনন্দন। নির্বাচনী কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




