
পাকিস্তানের স্থানীয় একটি টিভি চ্যানেলের অফিসে হামলা করেছে মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিওএম) কর্মীরা। এতে একজনের নিহতের খবর পাওয়া গেছে। ‘হাঙ্গার স্ট্রাইক’ নিয়ে ঠিকঠাক কাভারেজ না দেয়ার জন্য ওই টিভি চ্যানেলে অফিসে হামলা করা হয়।
জানা গেছে, এমকিউএম-এর কর্মীরা টিভি চ্যানেলে গুলি বর্ষণ করে। এতেই একজনের মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় কতোজন আহত হয়েছে, সে বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি। তবে পুলিশ কয়েকজন হামলাকারীকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।
পাকিস্তানের অন্যান্য সংবাদ বলছে, এমকিওএম-এর একজন নেতা লন্ডনে থাকেন। আলতাফ হোসেন নামের ওই নেতার নির্দেশনায়ই এই হামলা করা হয়েছে। উল্লেখ্য, করাচিতে এমকিএএম-এর দারুণ প্রভাব রয়েছে।
এ ঘটনার বর্ণনা দিতে গিয়ে পাকিস্তানের একজন পুলিশ কর্মকর্ত রয়টার্সকে বলেন, ‘এমকিউএম-এর কর্মীরা আক্রমণ করেছে এআরওয়াই নামের একটি টিভি চ্যানেলে। তারা চ্যানেলে আক্রমণের পাশাপাশি পুলিশদের একটি অস্থায়ী ও ছোট ক্যাম্পেও হামলা করে।’
ওই টিভি চ্যানেলের জ্যেষ্ঠ অনুষ্ঠান উপস্থাপক কাশিফ আব্বাসি জানান, ‘মাত্র ১০ মিনিটের মধ্যে সব কিছু ঘটে গেছে এবং এই ঘটনার নির্দেশ দাতা আলতাফ হোসেন।’
এর আগে সোমবার এমকিউএম স্থানীয় প্রেসক্লাবের সামনে তাদের সদস্যদের উপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘হামলার’ প্রতিবাদ জানায়। এ দিকে এমকিউএম-এর একজন মুখপাত্র দাবি করেছেন, এই হামলা এমকিউএম করেনি। তার মতে, এমকিউএম শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।




