
এবারের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি যারা ভালো করতে পারেনি তাদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (০৬ মে) পরীক্ষার ফলাফল উপলক্ষে দেওয়া এক বাণীতে শেখ হাসিনা এসব কথা বলেন।
তিনি বলেন, এসএসসি, দাখিল ও সমমানের ফল প্রকাশিত হচ্ছে। এ উপলক্ষে আমি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষকমণ্ডলীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারোনি, আমি তোমাদের ধৈর্য ধরে, মনোযোগ সহকারে আবারও প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি, যাতে আগামীতে ভালোভাবে উত্তীর্ণ হতে পারো।
প্রধানমন্ত্রী বলেন, মানুষের অসাধ্য কিছুই নেই। একাগ্রতা, অধ্যবসায় এবং পরিশ্রম যেকোনও অসাধ্যকে সাধন করতে সহায়তা করতে পারে। তোমরা যারা যে কোনও কারণেই হোক উত্তীর্ণ হতে পারোনি, তোমাদের হতাশ হওয়ার কিছু নেই। এখন থেকে চেষ্টা করলে ভবিষ্যতে নিশ্চয়ই তোমরা এ বাধা অতিক্রম করে ভালো ফল অর্জন করতে পারবে।
তিনি বলেন, এ বছর রেকর্ড ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ শিক্ষার্থী এসএসসি, দাখিল এবং সমমানের পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল। যেসব শিক্ষার্থী ভালো ফল করেছো, তোমাদের এই ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে আরও ভালো ফল করতে হবে। মনে রাখবে তোমরাই আগামীর বাংলাদেশের কর্ণধার। তোমাদেরই এদেশের জনগণ এবং বিশ্ববাসীর সেবায় নিয়োজিত হতে হবে। এজন্য জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি আয়ত্তের পাশাপাশি দেশপ্রেমিক এবং মানবিকতায় পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে উঠতে হবে।
শেখ হাসিনা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে ৩০ লাখ শহীদ এবং ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা আমাদের মহান স্বাধীনতা অর্জন করেছি। তার স্বপ্ন ছিল মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনের মাধ্যমে ক্ষুধা-দারিদ্র্য নিরক্ষতামুক্ত সোনার বাংলাদেশ গড়ার।
তিনি আরও বলেন, আমরা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। আমাদের সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও আগামী প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
সরকার প্রধান বলেন, প্রতি বছর আমি সশরীরে উপস্থিত থেকে এসএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করি এবং তোমাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করি। এবছর আমি লন্ডনে সফরে থাকার কারণে এ সুযোগ থেকে বঞ্চিত হলাম। এজন্য আমি তোমাদের কাছে দুঃখ প্রকাশ করছি।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা তোমাদের মেধা-মননের সবটুকু উজার করে দিয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলবে এবং আগামীতে দেশ পরিচালনার জন্য নিজেদের যোগ্য করে প্রস্তুত করবে— এই প্রত্যাশা করছি। মহান আল্লাহ আমাদের সবার সহায় হোন।
এর আগে সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী দীপু মনি বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।
অন্যান্যবার প্রধানমন্ত্রীর হাতে ফল হস্তান্তর করা হলেও এবার তিনি দেশে না থাকায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে পরীক্ষার ফলের সার-সংক্ষেপ তুলে দেওয়া হয়।




