আইন আদালতশিরোনাম

নুসরাত হত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্তদের গাড়ির সামনে স্বজনদের গড়াগড়ি

ফেনীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ১২ জনকে কুমিল্লা কারাগারে আনা হয়েছে। তাদেরকে কুমিল্লা জেলা কারাগারের কনডেম সেলে রাখা হয়েছে। কুমিল্লা কারাগারের জেলার মো.ফোরকান ওয়াহেদ বাংলা’কে এই তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে ফেনী থেকে কুমিল্লায় এসে পৌঁছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ওই ১২ আসামি।
এ সময় আসামিদের আত্মীয়-স্বজনরা গাড়ির সামনে গড়াগড়ি করে কান্নাকাটি করে। দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গাড়ির সামনে থেকে তাদের সরিয়ে দেন।
এর আগে কনডেম সেল না থাকায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দণ্ডপ্রাপ্তদের ফেনী কারাগার থেকে বের করা হয় কুমিল্লা আনার জন্য।
ফেনী কারাগারের জেলার দিদারুল আলম জানান, ফেনী জেলা কারাগারে পৃথক কনডেম সেল ও ফাঁসির মঞ্চ না থাকায় নুসরাত হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামিদের কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি অনুমোদন দিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন)।
ফেনী জেলা কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের জানান, মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে ১২ জনকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
তিনি জানান, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আরেক আসামি সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ সিরাজ-উদ দৌলার ১৩ নভেম্বর (বুধবার) ফেনীর আদালতে নুসরাতকে যৌন হয়রানির মামলার দিন ধার্য আছে। এজন্য আদালতের কার্যক্রম শেষে তাকে ওই দিনই কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। আর বুধবার, মহিলা আসামি কামরুন নাহার মনি ও উম্মে সুলতানা ওরফে পপিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। রুহুল আমিনকেও ১৩ নভেম্বর কুমিল্লা কারাগারে পাঠানো হবে।
নুসরাত হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা, মাদ্রাসার ছাত্র নূর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদ আলম, ছাত্র সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ, হাফেজ আব্দুল কাদের, আবছার উদ্দিন, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা ওরফে পপি ওরফে তুহিন ওরফে শম্পা ওরফে চম্পা, আব্দুর রহিম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন ওরফে মামুন, মোহাম্মদ শামীম, মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি, সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি রুহুল আমীন ও মাদ্রাসার সাবেক ছাত্র মহিউদ্দিন শাকিল।
প্রসঙ্গত, গত ২৪ অক্টোবর আলোচিত নুসরাত হত্যা মামলার ১৬ আসামির সবাইকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ। আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়।
উল্লেখ্য, চলতি বছরের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের দায়ে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে গ্রেপ্তার করে পুলিশ। ৬ এপ্রিল ওই মাদ্রাসা কেন্দ্রের সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে অধ্যক্ষের সহযোগিরা নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয়। ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান নুসরাত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button