নিয়ামতপুরে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুলাই) সকালে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। দু’দিন ব্যাপী প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার (১৩জুলাই) বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সুভাস কান্ত সরকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তোতা প্রমুখ।
উপজেলা প্রশাসন ও উপজেলা শিশু একাডেমির আয়োজনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় শিশুদের শারীরিক-মানসিক ও সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও এ আয়োজন করা হয়। ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতি প্রতিযোগিতা, শিরোনামে এ আয়োজনে বিভিন্ন ইভেন্টে ক,খ,ও গ গ্রুপে বিভক্ত হয়ে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল সাধারণ জ্ঞান, উপস্থিত একক অভিনয়, উপস্থিত একক বক্তৃতা,দেশাত্ববোধক সংগীত, দাবা, নজরুল সংগীত, নৃত্য ও চিত্রাঙ্কন। বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকারী হন অষ্মিতা ও দাবা প্রতিযোগিতায় প্রথম স্থান আর্য দাস। পরে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন।




