নিয়ামতপুরে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

জনি আহমেদ,নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলায় আগাম জাতের আমন ধান পুরোদমে কাটা-মাড়াই শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, মাঠে মাঠে কৃষকেরা ধান কাটতে ব্যস্ত সময় পার করছে। কৃষকেরা ইতোমধ্যে ব্রি-ধান, বিনা ধানসহ স্থানীয় জাতের আমন ধান কাঁটতে শুরু করেছে। আমনের ভালো ফলনও পাচ্ছে কৃষকেরা। চাষীদের বাড়িতে নতুন ধানের মৌ মৌ গন্ধ ছড়াচ্ছে। আগাম জাতের ধান কেটে ওই জমিতে সরিষা, আলু, গমসহ শীতকালীন সবজি আবাদ করতে জমি প্রস্তত করছে চাষীরা। নিয়ামতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নে আমন ধানের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২৯ হাজার ৪১০হেক্টর জমিতে আমন ধান চাষাবাদ হয়েছে। প্রকারভেদে প্রতি মণ আমন ধান বিক্রি হয়েছে ১২০০ থেকে ১৩০০ টাকা পর্যন্ত। উপজেলার শ্রীমন্তপুর ডাঙ্গাপাড়া গ্রামের কৃষক মনসুর আলী, হাফিজ,বাবুল এনামুল জানান, তিনি এবার আমন মৌসুমে স্থানীয়( স্বার্ণা) জাতের আগাম ধান আবাদ করে বেশ লাভবান হয়েছেন। আগাম জাতের ধান কাটার পর সেই জমিতে সরিষা চাষ করেছেন। তিনি আরোও বলেন, সার, কীটনাশক ও শ্রমিক খরচ বৃদ্ধি পাওয়ায় এবার ধান উৎপাদনে খরচ বেশি হয়েছে। তবে ফসলের কাঙ্খিত দাম পেলে কৃষকরা লাভবান হতে পারবে। উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান জানান, আমনের উৎপাদন লক্ষ্যমাত্রা শতভাগ অর্জিত হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। উপজেলায় আমন ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন ভালো হচ্ছে। বাজারে দাম বেশি থাকায় কৃষকেরা লাভের মুখ দেখছেন। আমনের উৎপাদন লক্ষ্যমাত্রা শতভাগ অর্জিত হবে বলে জানান তিনি।



