নির্বাচনে আসতে পারছে না আন্তর্জাতিক পর্যবেক্ষক দল

একাদশ জাতীয় নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক দল আসতে পারছে। বিষয়টি নিশ্চিত করে শুক্রবার একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে যুক্তরাষ্ট্র।
সেখানে বলা হয়েছে, বাংলাদেশ সরকার পর্যবেক্ষকদের ছাড়পত্র ও ভিসা প্রদান করতে ব্যর্থ হওয়ায় নির্বাচনে অংশ নিতে পারছেন না এবং এ কারণে তারা হতাশ হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সরকারের এমন আচরণের ফলে ব্যাংককভিত্তিক আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ‘দ্য এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন (এনফ্রেল)’ তাদের আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাতিল করে দিতে বাধ্য হয়েছে।’
ওয়াশিংটনভিত্তিক ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) এর মাধ্যমে এনফ্রেলকে অর্থায়ন করেছিল যুক্তরাষ্ট্র।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আন্তর্জাতিক পর্যবেক্ষক মিশনের অভাবের ফলে বাংলাদেশ সরকারের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো স্থানীয় এনজিওগুলোর মাধ্যমে একটি নির্বাচনী ওয়ার্কিং গ্রুপ গঠন করা। এর মধ্যে ইউএসএআইডি’র অর্থায়নে পরিচালিত এনজিওগুলোকেও রাখতে হবে, যাতে নির্বাচন পর্যবেক্ষণের মতো গুরুত্বপূর্ণ কাজটি তারা পরিচালনা করতে পারে।
‘যেকোনো গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য শান্তিপূর্ণ মতামত প্রদান ও সমাবেশ করার সুযোগ থাকতে হবে। স্বাধীন গণমাধ্যমকে নির্বাচনী কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করতে দিতে হবে। প্রার্থীদের তথ্য জানার অধিকার আছে এবং কোনো ধরনের ভয়, হয়রানি ও সহিংসতা ছাড়াই তারা যেনো নির্বাচনে অংশ নিতে পারে সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে।
বিজ্ঞপ্তির শেষে বলা হয়েছে, ‘প্রত্যেক বাংলাদেশি যাতে ৩০ ডিসেম্বরের নির্বাচনে অংশ নিতে এবং শান্তিপূর্ণভাবে নিজের মতামত প্রকাশ করতে পারেন, সে ব্যাপারে তাদের গণতান্ত্রিক অঙ্গীকারকে যথাযথভাবে পালনের জন্য বাংলাদেশ সরকারকে আমরা উৎসাহিত করছি।’



