নিজ দেশে নিরাপদ বোধ করেন না মুসলিম অলিম্পিক তারকা

ক্রমবর্ধমান মুসলিম বিদ্বেষের কারণে নিজ দেশ যুক্তরাষ্ট্রে নিরাপদ বোধ করেন না বলে জানিয়েছেন প্রথম হিজাব পরিহিতা অলিম্পিয়ান ইবতিহাজ মুহাম্মদ। একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন এই ফেন্সার (তলোয়ার যোদ্ধা)।
যুক্তরাষ্ট্রের হয়ে অলিম্পিক গেমসে অংশ নিতে এখন ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে অবস্থান করছেন বিশ্ব র্যাংকিংয়ে ৮ নম্বরে থাকা এই তলোয়ার যোদ্ধা।
অন্যরা যখন স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, সে সময় দেশের হয়ে পদকের লড়াইয়ে নামার আগে এই ফেন্সার জানালেন, খোদ জন্মভূমিতেই একজন মুসলিম হিসেবে অনিরাপদ বোধ করছেন তিনি। ইবতিহাজ বলেন, ‘আমি সব সময়ই অনিরাপদ বোধ করি। বাড়ি থেকে প্র্যাকটিসে যাওয়া পর্যন্ত কেউ আমাকে ফলো অথবা আমাকে পুলিশে দিতে চেষ্টা করে কিনা। আমি এ বিষয়ে খুবই সোচ্চার। কারণ, আমি চাই মানুষ জানুক যে আমি অদ্ভুত কেউ নই। কোনো দিক থেকেই আমি আলাদা নই। আমি একজন হিজাব পরিহিত, আর এটি আমার অধিকার।’
নিউ জার্সিতে জন্ম নেয়া এই ক্রীড়াবিদ বলেন, যুক্তরাষ্ট্র এখন এমন একটি অবস্থায় রয়েছে যেখান তার কথা বলার ধরন পাল্টানো উচিত। বিশেষ করে ইরাকে নিহত মার্কিন মুসলিম সৈনিকের পরিবারের প্রতি ডোনাল্ড ট্রাম্পের আক্রমণ খুবই জঘন্য। ইবতিহাজ বলেন, ‘আমি চাই জনগণ জানুক একই ধরনের কাঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হচ্ছে আমাকে। এটি হাস্যকার এবং রাষ্ট্র হিসেবে আমাদের পরিবর্তন দরকার। আমার মনে হয় এটিই সেই সময়।’ বেশ কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্র তথা বিশ্ব ফেন্সিংয়ের অন্যতম তারকা ৩০ বছর বয়সী ইবতিহাজ মুহাম্মদ। ২০১২ সালের লন্ডন অলিম্পিকেও দেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল তার। তবে ইনজুরির কারণে শেষ মুহূর্তে তাকে দল থেকে সরে দাঁড়াতে হয়।
সূত্র : ইন্ডিপেন্ডেন্ট




