নিউজিল্যান্ডের কাছে হারের ম্যাচে কোহলিদের জরিমানা
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও ওয়ানডে সিরিজের শুরুতেই মুদ্রার উল্টো পিঠ দেখল ভারত। বিশাল সংগ্রহের পরও কিউইদের কাছে হার মানতে হলো বিরাট কোহলিদের। সেই সঙ্গে ম্যাচটিতে স্লো ওভার রেটিংয়ের কারণে জরিমানাও গুনতে হচ্ছে তাদেরকে।
হ্যামিল্টনে বুধবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডের কাছে ৪ উইকেটে হারে ভারত। ম্যাচটিতে তাদের জন্য মরার ওপর খারার ঘা হয়ে এসেছে স্লো ওভার রেটিং। টিম ইন্ডিয়াকে ম্যাচ ফির ৮০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি।
এই নিয়ে টানা তিনটি ম্যাচে স্লো ওভার রেটিংয়ের কারণে জরিমানা গুণলো ভারত। টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা গুণে তারা। পঞ্চম ও শেষ ম্যাচে জরিমানা গুণে ম্যাচ ফির ২০ শতাংশ। ওই ম্যাচে অবশ্য অধিনায়কত্বের দায়িত্বপালন করেন রোহিত শর্মা।
আইসিসি’র দেওয়া শাস্তি মেনে নিয়েছেন ভারতের অধিনায়ক কোহলি। তাই কোনো আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।
বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থার নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে বোলিং করে শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা গুণতে হবে। নিউজিল্যান্ডের কাছে প্রথম ওয়ানডেতে নির্ধারিত সময়ে ভারত চার ওভার কম বোলিং করেছে। ফলে জরিমানা হয়েছে ম্যাচ ফি’র ৮০ শতাংশ। এর অর্থ ম্যাচটি খেলার জন্য ম্যাচ ফি’র কুড়ি শতাংশ নিয়েই সন্তুষ্ট থাকতে হবে কোহলিদের।
অকল্যান্ডে শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দল দুটি।




