নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪ তম অধিবেশনে যোগদানের জন্য আট দিনের সরকারী সফরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী ২৭ সেপ্টেম্বর ইউএনজিএ ৭৪তম বার্ষিক অধিবেশনে তিনি ভাষণ দেবেন।
সফরকালে আগামীকাল মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ২৮ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
আবুধাবিতে একদিনের যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে আবুধাবি থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করে।
ওই বিকেল ৪টা ২৫ মিনিটে (স্থানীয় সময়) নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দরে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে শুক্রবার বিকেল ৩টা ৩৫ মিনিটে আবুধাবির উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।




