নিউইয়র্কে অলবেনির ক্যাপিটল হিলে উড়েছে বাংলাদেশের পতাকা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্য সিনেট ও অ্যাসেম্বলিতে ‘বাংলাদেশ ডে’ উদযাপিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সপ্তমবারের মতো রাজ্যের রাজধানী অলবেনির ক্যাপিটল হিলে উড়েছে বাংলাদেশের পতাকা। একই দিনে নিউইয়র্ক রাজ্য সিনেট ও অ্যাসেম্বলিতে বাংলাদেশের ৪৭তম স্বাধীনতা দিবসের ওপর পৃথক রেজুলেশন গ্রহণ করা হয়। রাজ্য সিনেটর জামাল টি. বেইলি এবং অ্যাসেম্বলিম্যান লুইস সেপুলভেদা অ্যাসেম্বলি ও সিনেটে এ সংক্রান্ত প্রস্তাবনা উত্থাপন করেন।
রাজ্য সিনেট ও অ্যাসেম্বলি অধিবেশনের রেজুলেশন দুটিতে তুলে ধরা হয় বাংলাদেশের মহান স্বাধীনতার সংক্ষিপ্ত ইতিহাস। সিনেট এবং অ্যাসেম্বলি গ্যালারি এদিন পুরোটাই সংরক্ষিত ছিল প্রবাসী বাংলাদেশিদের জন্য। উভয় হাউজে শোভা পায় বাংলাদেশের পতাকা। বর্ণাঢ্য এ আয়োজনে অংশগ্রহণ করেন ১২০ জন বাংলাদেশি।
অ্যাসেম্বলি হাউজের অধিবেশন চলাকালে ‘বাংলাদেশ ডে’র প্রস্তাবনাটি প্রথমে গৃহীত হয়। অ্যাসেম্বলিম্যান লুইস সেপুলভেদা উত্থাপিত বাংলাদেশ ডে প্রস্তাবনাটি পাঠ করে শুনানো হয়। এতে বলা হয়, তৎকালীন পাকিস্তান সামরিক সরকার বাংলাদেশে ১৯৭১ সালে গণহত্যা চালিয়েছিল। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে শহীদ হন ৩০ লাখ মানুষ। সম্ভ্রমহানির শিকার হন ২ লাখ মা-বোন। এর সমর্থনে বেশ ক’জন অ্যাসেম্বলিম্যান সংক্ষিপ্ত বক্তব্য দেন। বাংলাদেশ ডে রেজুলেশন গ্রহণকালে অ্যাসেম্বলি ফ্লোরে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ ডে’ উদযাপন কমিটির চেয়ারম্যান আবদুর রহিম বাদশা, লেখক-বিজ্ঞানী ও নিউজার্সির কাউন্সিলম্যান মুক্তিযোদ্ধা ড. নূরন নবী, কমিউনিটি লিডার অ্যাডভোকেট নাসির উদ্দিন, নজরুল হক, আবদুল মুসাব্বির, মো. শামীম মিয়া, এ ইসলাম মামুন, আহবাব হোসেন চৌধুরী, জামাল হোসেন ও কামাল উদ্দিন। এসময় অন্যান্য প্রবাসী বাংলাদেশিরা হাউজ কক্ষের গ্যালারিতে ছিলেন।

দুপুর ৪টায় সিনেটর জামাল টি বেইলি উত্থাপিত বাংলাদেশ ডে প্রস্তাবনাটি পাঠ করেন। এরপর ৫ জন সিনেটর এর সমর্থনে জোরালো বক্তব্য দেন। এখানেও বাংলাদেশের মহান স্বাধীনতার সংক্ষিপ্ত ইতিহাস স্থান পায়। পরে সিনেট হাইজে রেজুলেশনটি সর্বসম্মতভাবে গৃহীত হয়। বাংলাদেশ ডে রেজুলেশন উপস্থাপনকালে সিনেট ফ্লোরে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ ডে’ উদযাপন কমিটির মুখপাত্র আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, ড. নূরান নবী, কমিউনিটি লিডার সোলায়মান আলী ও মাহবুব আলম।
আনুষ্ঠানিকতা শেষে স্টেট সিনেটর জামাল টি বেইলি ও অ্যাসেম্বলিম্যান লুইস সেপুলভেদা অলবেনি হলে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে এক অভ্যর্থনা পার্টির আয়োজন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ডে কমিটির কাছে অ্যাসেম্বলিম্যান লুইস সেপুলভেদা ও সিনেটর জামাল টি বেইলি হাউজ দুটিতে পাসকৃত রেজুলেশনের কপি হস্তান্তর করেন। এছাড়া এসময় বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং বাংলাদেশ ডে কমিটিকে প্রক্লেমেশন প্রদান করা হয়।
‘বাংলাদেশ ডে’ উদযাপন কমিউনিটি চেয়ারম্যান আবদুর রহিম বাদশার সভাপতিত্বে এবং আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে রাজ্য সিনেটর জামাল টি বেইলি ও অ্যাসেম্বেলিম্যান লুইস সেপুলভেদা ছাড়াও শুভেচ্ছা বক্তব্য দেন অন্যান্য রাজ্য সিনেটর ও অ্যাসেম্বেলিম্যানরা। তারা ক্রমবর্ধমান বাংলাদেশি কমিউনিটির ভূয়শী প্রশংসা করেন। তুলে ধরেন নানা ক্ষেত্রে তাদের অবদানের কথাও।


