
বাংলাদেশে আটকে পড়া নিজেদের নাগরিকদের এবার স্থলপথে ফেরানো শুরু করেছে ভারত। কয়েক দিন ধরে দিল্লিগামী বিমানের বিশেষ ফ্লাইটে সাধারণ মানুষকে নেয়া হলেও চেকপোস্ট দিয়ে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছিল না।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে ত্রিপুরার আখাউড়া চেকপোস্ট দিয়ে ১৩৪ জনকে ফেরত নেয়া হয়।
ভারত মে মাসের শেষ দিকে এই চেকপোস্ট দিয়ে ১২৯ জনকে ফেরত নেয়। এরপর অধিকাংশ চেকপোস্ট ভারতীয়দের জন্য বন্ধ রেখে শুধু বাংলাদেশিদের ফিরতে দেয়া হয়।
দিল্লির ফ্লাইটে যারা যাচ্ছেন, তাদের অনলাইনে বিশেষ একটি ফর্ম পূরণ করতে হচ্ছে। সেখানে গিয়ে আবার সাতদিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।
স্থলপথ দিয়ে যারা যাচ্ছেন, তাদের সবার করোনা পরীক্ষা করা হচ্ছে। যাদের পজিটিভ আসবে, রাজ্যের বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া হবে। বাকিরা বাড়ি ফিরতে পারবেন।
এদিন চেকপোস্ট দিয়ে ভারতীয়দের ফেরার সময় উপস্থিত ছিলেন আখাউড়ার ইউএনও তাহমিনা আখতার। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।




