আন্তর্জাতিক সংবাদশিরোনাম

না ফেরার দেশে পাড়ি জমালেন ব্রিটিশ সাংবাদিক

জনপ্রিয় লেখক এবং খ্যাতনামা ব্রিটিশ সাংবাদিক রবার্ট ফিস্ক মারা গেছেন। সংবাদমাধ্যম আইরিশ টাইমস এর খবরে বলা হয়, ৭৪ বছর বয়সী রবার্ট শুক্রবার তার নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে ডাবলিনের সেইন্ট ভিনসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। আর সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে, স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে।
দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি বিভিন্ন ব্রিটিশ সংবাদপত্রের বৈদেশিক প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। খ্যাতনামা ওয়ার জার্নালিস্ট হিসেবে প্রত্যক্ষ করেছেন বলকান, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন যুদ্ধ।
নিউ ইয়র্ক টাইমস ২০০৫ সালে, ব্রিটেনের বৈদেশিক প্রতিবেদকদের মধ্যে রবার্ট ফিস্ককেই ‘সবচেয়ে বিখ্যাত’ বলে আখ্যা দিয়েছে।
বিবিসি এর বরাত দিয়ে জানা যায়, ১৯৭০ এর দশক থেকেই মধ্যপ্রাচ্য বিষয়ে সাংবাদিকতার দরুন বহু পুরস্কারে ভূষিত হয়েছেন ফিস্ক । এমনকি, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর পররাষ্ট্র নীতি নিয়েও তিনি ছিলেন বেজায় সরব। যারফলে, প্রায়শই তিনি বিভিন্ন সমালোচনা ও বিতর্কের জন্ম দিতেন।
প্রথিতযশা সাংবাদিকের মৃত্যুতে ‘গভীর শোক’ প্রকাশ করেছেন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি হিগেন্স।
প্রসঙ্গত, ১৯৪৬ সালে ইংল্যান্ডের কেন্ট কাউন্টির মেইডস্টোন শহরে জন্মগ্রহণ করেন ফিস্ক। পরবর্তীতে তিনি আয়ারল্যান্ডের নাগরিকত্ব গ্রহণ করে দেশটির রাজধানী ডাবলিনের নিকটবর্তী শহর ডলকিতে বসবাস শুরু করেন।
কর্মজীবনের শুরু সানডে এক্সপ্রেসের সাথে হলেও কিছুদিন পর তিনি টাইমস সংবাদপত্রে যোগদান করেন। আর সেই সূত্রেই তিনি ১৯৭২ সালে উত্তর আয়ারল্যান্ডের তীব্র অস্থিরতা সংক্রান্ত খবর সংগ্রহের জন্য বেলফাস্টে চলে যান।
এরপরে একে একে মধ্যপ্রাচ্যের দেশ লেবাননের গৃহযুদ্ধ, ইরানের ইসলামি বিপ্লব, আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের যুদ্ধ এবং ইরাক-ইরান যুদ্ধ নিয়েও কলম তুলে ধরেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button