করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

বান্দরবান প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার (৬ জুন) কক্সবাজার ল্যাবের পরীক্ষায় তার করোনা পজিটিভ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান সিভিল সার্জন।
স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন করে শনিবার(৬ জুন) ৯ জনের শরীরে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এদের মধ্যে রয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং। গত ৩ জুন তার নমুনা সংগ্রহ করা হয়েছিল।
অন্য আক্রান্তরা হলেন, জেলা সদরের হাফেজ ঘোনার বাসিন্দা জেলা কৃষি ব্যাংকের ম্যানেজার পরিবারের ৩ জন, পার্বত্য জেলা পরিষদের কর্মচারী গোরস্তান মসজিদ এলাকার বাসিন্দা ১ জন, রুমা উপজেলার ৩ জন ও নাইক্ষ্যংছড়ির ১ জন।
এনিয়ে বান্দরবান জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৬ জনে। সদর হাসপাতালে চিকিৎসাধীন শনাক্ত রোগী আছেন ৬ জন। উপসর্গ থাকা নমুনা সংগ্রহ করা রোগী আছেন ৪ জন।
সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪ জন।



