নারী টি-২০ বিশ্বকাপ : নাইটে আলোকিত ইংল্যান্ড

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে সব আলো কেড়ে নিলেন ইংল্যান্ডের অধিনায়ক হিথার নাইট। তার ব্যাট থেকে এসেছে টুর্নামেন্টের প্রথম শতক। তার বিধ্বংসী ইনিংসের দিন বিশাল জয়ে গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এল ইংল্যান্ড!
অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অনুষ্ঠিত ম্যাচটিতে থাইল্যান্ডকে ৯৮ রানে হারায় ইংল্যান্ড। তাদের ১৭৬ রানের জবাবে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ৭৮ রান করতে পারে থাই নারীরা।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে হেরেছিল ইংল্যান্ড। থাইল্যান্ডের বিপক্ষে দলটি কেবল জয়েই ফিরল না পয়েন্ট টেবিলের শীর্ষেও উঠল। দুই ম্যাচের ইংল্যান্ডের পয়েন্ট ২।
একটি করে ম্যাচ খেলে ২ পয়েন্ট করে আছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকারও। কিন্তু রান রেটে পিছিয়ে থাকায় তাদের অবস্থান যথাক্রমে দুই ও তিনে।
থাইল্যান্ডের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের দুই ওপনারের কেউই রানের খাতা খুলতে পারেননি। এরপর আর কোনো উইকেট পড়তে দেননি ন্যাটালি স্কিভার-নাইট জুটি। তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন থেকে ইনিংস শেষ করেন তারা।
ব্যাটে ঝড় তুলেন নাইট। ৬৩ বলে সেঞ্চুরি পূর্ণ করা চার নম্বরে নামা এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত ১০৮ রানে অপরাজিত থাকেন। তার ৬৬ বলের ইনিংসটিতে রয়েছে ১৩টি চার ও চারটি ছক্কার মার! নাইটই একমাত্র নারী ক্রিকেটার যার আন্তর্জাতিক নারী ক্রিকেটে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সেঞ্চুরি রয়েছে!
৫২ বলে আট চারে ৫৯ রানে অপরাজিত থাকেন স্কিভার।
জবাবে কুড়ি ওভার শেষে ৭৮ রানেই থামে থাই নারীদের রানের চাকা। দলটির তিন ব্যাটসম্যান ছাড়া বাকিদের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।
ইংলিশ পেসার অ্যানিয়া শার্বসুল ২১ রানে ৩ উইকেট নেন।




