নানা আয়োজনে হারুণার রশিদ মুন্নুর মৃত্যুবার্ষিকী পালিত

মানিকগঞ্জ প্র্তিনিধি : সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন, কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল, স্মৃতিচারণ সভাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে বরেণ্য রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ সকাল থেকেই মানিকগঞ্জের মুন্নু সিটিতে চিরনিদ্রায় শায়িত মুন্নুর সমাধিস্থল ফুলে ফুলে ছেয়ে যায়। বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ শ্রদ্ধা নিবেদনের জন্য ছুটে আসেন সমাধিস্থলে। সকালে প্রথমেই বাবার সমাধিস্থলে আসেন মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খান রিতা। বাবার কবরের পাশে দাঁড়িয়ে বেশ কিছু সময় তাকে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরপর সকাল পৌনে আটটার দিকে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতাল, মুন্নু নার্সিং কলেজ ও মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থী, চিকিৎসকসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ পৃথক পৃথকভাবে শ্রদ্ধা নিবেদনের জন্য সমাধিস্থলে হাজির হন।
এ সময় মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খান রিতা পর্যায়ক্রমে ওই সব প্রতিষ্ঠানের লোকজনদের সঙ্গে বাবার কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। আফরোজা খান রিতাকে সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন, মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার মো. আখতারুজ্জামান, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জহিরুল ইসলাম, মুন্নু মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ বোরহান উদ্দিন আহমেদ, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা: এ এস এম মনিরুজ্জামান, মুন্নু নার্সিং কলেজের অধ্যক্ষ বেলাতুন্নেসহ শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এরপর পর্যায়ক্রমে হুরুন নাহার উচ্চ বিদ্যালয়, মুন্নু আদর্শ বিদ্যানিকেতন, ফিরোজা বেগম উচ্চ বিদ্যালয়, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মুন্নু ফ্যাব্রিক্স লিমিটেড, মুন্নু এগ্রো অ্যান্ড মেশিনারি লিমিটেডসহ আরো কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারি বিন্দু মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হারুণার রশিদ খান মুন্নুর সমাধিতে শ্রদ্ধা জানায়।
মুন্নুর মৃত্যুবার্ষিক উপলক্ষে মন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে হামদ-নাত, রচনা প্রতিযোগিতা, তার কর্মময় জীবন সম্পর্কে আলোচনা, ইসলামিক গান, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণ এবং মিলাদ ও দোয়া মাহফিল। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুন্নু সিটিতে স্থাপিত হুরুন নাহার রশিদ জামে মসজিদে সকাল থেকে কোরআন তেলাওয়াত এবং দুপুরের পর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে মুন্নু গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
এদিকে নানা আয়োজনের মধ্য দিয়ে মুন্নুর মৃত্যুবার্ষিকী পালন করেছে জেলা বিএনপি। বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতাকে সঙ্গে নিয়ে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী। পাশাপাশি পর্যায়ক্রমে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে সমাধিস্থলে ফুলেল শ্রদ্ধা জানান।
এ সময় জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সঙ্গে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবীর জিন্নাহ, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল বাতেন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাঈদ, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদীন কায়সার, দপ্তর সম্পাদক এডভোকেট আরিফ হোসেন লিটন, সিংগাইর উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রহমান, হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি হান্নান মৃধা, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবীর, সদস্য সচিব মোহাম্মদ তুহিনুর রহমান তুহিন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ সহ আরো অনেকে।
মরহুম হারুনার রশিদ খান মুন্নুর সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনের পর মানিকগঞ্জ জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে হারুনার রশিদ খান মুন্নুর রাজনৈতিক এবং কর্মময় জীবনী নিয়ে আলোচনা ও মিলাদ এবং দোয়া মাহফিল।




