নাটোরে শিক্ষার্থী ও ব্যবসায়ী বিরোধে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সৃষ্ট বিরোধে দুটি সড়কে ঘন্টাব্যাপী পাল্টাপাল্টি অবরোধের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ১২টার থেকে একটা পর্যন্ত উপজেলার বনপাড়া-লালপুর আঞ্চলিক সড়ক এবং নাটোর-পাবনা মহাসড়কে ঘন্টাব্যাপী এই অবরোধ কর্মসুচি পালিত হয়।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, শনিবার দুপুরে বনপাড়া সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের কয়েকজন শিক্ষার্থী কলেজের সামনে রনি হোসেনর চা স্টলে চা খেতে আসে। পরে তারা নিজেরাই তুচ্ছ বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এসময় চা দোকানী রনি তাদের বাধা দিলে এক শিক্ষার্থী রনিকে মারধর করে। এ নিয়ে ব্যবসায়ীদের মাঝে উত্তেজনা তৈরী হয়। বিষয়টি সমাধানে শনিবার দুপুরে বনপাড়া পৌরসভায় সালিশ বৈঠকের প্রস্তুতিকালে উভয়পক্ষ আবারও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এতে ব্যবসায়ীরা ক্ষুদ্ধ হয়ে দুপুর ১২টার দিকে স্কুলের সামনে বনপাড়া-লালপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে। পাল্টা কর্মসূচি হিসাবে নাটোর-পাবনা মহাসড়কে অবরোধ সৃষ্টি করে শিক্ষার্থী ও তাদের এলাকার লোকজন। পরে বনপাড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কেএম জাকির হোসেন শিক্ষার্থীদের পক্ষে অবরোধে অংশ নেন। পরে পুলিশের অনুরোধে উভয়পক্ষ দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেয়। এ ঘটনায় কোন পক্ষই থানায় অভিযোগ দেয়নি।
বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি কেএম জাকির হোসেন জানান, বিষয়টি মীমাংসার লক্ষ্যে আমিই দু’পক্ষকে আসতে বলেছিলাম। কিন্তু তারা আমার জন্য অপেক্ষা না করে আকস্মিক সড়ক অবরোধ করে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, ঘটনাটি খুব বড় বিষয় নয়। দুই পক্ষকে ডেকে সমাধান করা কঠিন কোন বিষয় নয়।




