নাটোরে মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি : নাটোরে ইসমাইল হোসেন (৪০) নামে এক মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (৪ মে) রাত ১১টার দিকে নাটোর সদর উপজেলার জলালাবাদ কবরস্থানের পাশে থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইসমাইল হোসেন সদর উপজেলার জালালাবাদ হাটপাড়া গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে এবং স্থানীয় মাছ ব্যবসায়ী।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান, বুধবার সন্ধ্যায় ইসমাইল হোসেন জালালাবাদ বাজারের এক দোকানে চা খান। রাত ৯টার দিকে দোকান থেকে চা খাওয়া শেষে বাজার থেকে বাড়িতে রওনা হন। এরপর রাত ১১টার দিকে ইসমাইলের মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত ওই ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।



