নাটোরে ডিসি, সিভিল সার্জন, পুলিশ সুপার করোনায় আক্রান্ত

নাটোরের জেলা প্রশাসক (ডিসি) মো. শাহরিয়াজ, সিভিল সার্জন ডা.কাজী মিজানুর রহমান ও নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয়ে ঢাকা থেকে প্রাপ্ত নমুনা পরীক্ষার প্রকাশিত ফলাফলে নতুন আক্রান্ত ৩৪ জনের তালিকায় তাদের নাম রয়েছে। তবে সবাই সুস্থ রয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল টেকনোলজিস্ট হাফিজুর রহমান জানান, ১৯ জুলাই জেলা থেকে প্রেরিত করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফলাফল মঙ্গলবার রাতে পাওয়া যায়। প্রাপ্ত ফলাফলে ৩০ জনের করোনা পজিটিভ হয়েছে। করোনা পজিটিভের তালিকায় উল্লেখযোগ্য ব্যক্তির মধ্যে রয়েছেন নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান ও জেলা পুলিশের নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত।
অতিরিক্ত পুলিশ সুপার তার বাড়ির চার সদস্যসহ আক্রান্ত হয়েছেন।
বুধবার পর্যন্ত নাটোর জেলায় কোভিড-১৯ শনাক্ত হয়েছেন ৪৩৯ জন।সুস্থ্য হয়েছেন ২১২ জন। বর্তমানে আক্রান্তের সংখ্যা ২২৭। আইসোলেশ থেকে ১৮ জন ছাড়পত্র পাওয়ার পরে বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৩৪ জন। হাসপাতালে ভর্তি ১৮ জন ভর্তি বলে জানিয়েছেন নাটোর আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আনছারুল হক।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুসরণ করে বাড়িতে আইসোলেশনে থাকছি। করোনাভাইরাস সংক্রমণের কোনো উপসর্গ শরীরে নেই। নাটোরের মানুষকে নিরাপদে রাখতে আগের মতো প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কার্যক্রম অব্যাহত থাকবে।



