নাটোরে গৃহবধুকে ধর্ষণ ॥ ধর্ষক আটক
নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় এক গৃহবধুকে আটকে ধর্ষণ করার সময় ঐ গৃহবধু কৌশলে ৯৯৯ এ ফোন দিয়ে সহযোগীতা চাওয়ার সাথে সাথে পুলিশ তাকে উদ্ধার করার পাশাপাশি ধর্ষক মন্টু প্রামানিক (৩০) কে আটক করেছে। আটক রাজমিস্ত্রি মন্টু প্রামানিক বাগাতিপাড়া উপজেলার মিশ্রিপাড়া গ্রামের হানিফ প্রামানিকের ছেলে। শনিবার বিকেলে পুলিশ নাটোর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠিয়েছে। মামলা সূত্রে জানা গেছে, জেলার লালপুর উপজেলার মেয়ে ও গুরুদাসপুর প্রফেসর পাড়া মহল্লার এই গৃহবধু (২১) বৃহস্পতিবার সন্ধ্যায় তার ধর্ম ভাই বড়াইগ্রাম উপজেলার মাধাইমুড়ি গ্রামের আফসার আলী মেম্বারের ছেলে মোঃ শরীফুল ইসলাম শরীফের (৩৭) বাড়ি বেড়াতে আসে। শরীফ তাকে নিয়ে শুক্রবার বিকেলে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর সেনা নিবাস এলাকায় বেড়াতে গিয়ে গৃহবধুকে মায়ের দোয়া নামের একটি খাবার হোটেলে বসিয়ে রেখে সটকে পড়ে। পরে রাত ১০টার দিকে তার বন্ধু মন্টু প্রামানিক এসে বেশি রাত হয়ে যাওয়ায় বাড়ি যাওয়া সম্ভব না বলে তার নিজের বাড়ি নিয়ে যায়। সেখানে গিয়ে ধারালো অস্ত্রের মুখে পরপর দুবার তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে গৃহবধু ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহযোগীতা চাইলে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে এবং ধর্ষক মন্টু প্রামানিককে আটক করে। নির্যাতিত গৃহবধূর ধর্ম ভাই শরীফ পলাতক রয়েছে। বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




