Uncategorized

নাটোরের ভোটকেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপচে পরা ভিড়

নাটোর প্রতিনিধি : তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে নাটোরের বাগাতিপাড়া ও লালপুরে চলছে ভোটগ্রহণ। রবিবার (২৮ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া ভোট ঘিরে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সকাল থেকেই শীত ও ঠান্ডা হাওয়া উপেক্ষা করে ভোটাররা কেন্দ্রে উপস্থিত হন। সকালে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে।কেউ দলবেঁধে আবার কেউ সন্তান কোলে নিয়ে এসেছেন। এসব কেন্দ্রে পুরুষের মতো নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। ভোট দিতে কেন্দ্রে এসেছেন শতবর্ষী নারীও।ভোট দিয়ে কেন্দ্র ছাড়ার সময়ই অনেক নারী ভোটার বলেছেন, অনেকদিন পরে শান্তিপূর্ণভাবে নিজের ভোট নিজে দিতে পেরেছি। কোনো রকম বিপত্তির মুখে পড়তে হয়নি।
জেলার নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বাগাতিপাড়া উপজেলার পাঁচটি এবং লালপুর উপজেলার ১০ টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।রোববার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার হিজলী পাবনা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দেখা গেছে, লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভোটাররা। সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তবে পুরুষ ভোটারদের তুলনায় কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে।
নারী ভোটার রোকেয়া বেগম (৫০), আমেনা বেওয়াবিবি (৪৫) ও আখি বেগম খাতুন (২৪) প্রভাবমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তারা খুশি ।তারা জানান, অনেকদিন পরে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আমরা খুশি।
দেখা গেছে, কোনো কোনো ভোটকেন্দ্রে সকালেই ভোট দিতে হাজির হয়েছেন নারী ভোটাররা। আবার দ্রুত রান্না-বান্না শেষ করে দুপুরের আগেই আসবেন অনেক নারী ভোটার।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলার ১৫ ইউনিয়নে ১৪১টি ভোটকেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মধ্যে বাগাতিপাড়ার পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৬ জন, ইউপি সদস্য পদে ১৯২ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫৯ জন এবং লালপুর উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৬ জন, ইউপি সদস্য পদে ১২১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৪১৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতি ভোটকেন্দ্রে ১০ জন আনসার সদস্য, তিনজন পুলিশের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেইসঙ্গে প্রত্যেক ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিজিবি, র‌্যাব ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স মাঠে থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button