খেলা

নাটকীয় জয়ে সিরিজে সমতা আনলো নিউজিল্যান্ড

লো স্কোরিং ম্যাচের শেষ ওভারে নাটকীয় জয়ে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে সমতায় ফিরলো নিউজিল্যান্ড। দিল্লির ফিরোজ শাহ কোটলায় বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক ভারতকে ৬ রানে হারিয়েছে কেন উইলিয়ামসনের দল।
সফরকারীদের দেয়া ২৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭৩ রানে টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে হারায় মহেন্দ্র সিং ধোনীর দল। এর পর অধিনায়ক ধোনীর পরপর দুটি পার্টনারশিপে জয়ের স্বপ্ন দেখে তারা।
পঞ্চম উইকেটে কেদার যাদবের(৪১) সাথে ৬৬ ও ষষ্ঠ উইকেটে অক্ষর প্যাটেলের সাথে জুটি বেঁধে ৩৩ রান যোগ করেন ধোনী। ৬ষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ধোনী ফিরে গেলেও হারদিক পা্ন্ডিয়ার ৩২ বলে ৩৬ রানের ইনিংসে ভর করে এক পর্যায়ে ৮ উইকেটে ২৩২ রানে পৌছে যায় ভারত।
শেষ ৭ বলে ভারতের দরকার ছিল ১১ রান। কিন্তু সে সময় কিউই পেসার ট্রেন্ট বোল্টের বলে পান্ডিয়া আউট হয়ে গেলে ম্যাচ ঝুলে পড়ে নিউজিল্যান্ডের দিকে। পঞ্চাশতম ওভারের তৃতীয় বলে টিম সাউদির ইয়র্কারে ছত্রাখান হয়ে যায় জাশপ্রিত বুমরার স্ট্যাম্প। কিউরা জয় পায় ৬ রানে।
সফরকারীদের পক্ষে টিম সাউদি ৩টি, ট্রেন্ট বোল্ট ও মার্টিন গাপটিল ২টি করে উইকেট নিয়েছেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে ৯ উইকেটে ২৪৩ রান তোলে নিউজিল্যান্ড। ওপেনার টম লাথাম(৪৬) ছাড়া আর কোন ব্যাটসম্যান উল্লেখ করার মত রান পাননি। ভারতের পক্ষে বুমরাহ ও অমিত মিশ্র ৩টি করে উইকেট নিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button