
মো:শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মানোন্নয়নের দাবিতে “স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন, নলছিটি” ব্যানারে সর্বস্তরের ছাত্র-জনতা ও সাধারণ মানুষ একযোগে অবস্থান কর্মসূচি পালন করছে।
গত ৬ অক্টোবর (সোমবার) থেকে শুরু হওয়া এ কর্মসূচির আজ ৮ অক্টোবর (বুধবার) পর্যন্ত তৃতীয় দিন চলছে। শুরুতে ১০ দফা দাবি থাকলেও জনতার প্রত্যাশায় আন্দোলনটি এখন ১২ দফায় রূপ নিয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার বেলা ১১টায় নলছিটি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভলান্টিয়ার্স অব নলছিটির আহবায়ক শাহাদাত আলম। তিনি বলেন, প্রায় দুই লক্ষ মানুষের চিকিৎসা দায়িত্বে থাকা ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই নানান সমস্যায় জর্জরিত। দীর্ঘদিনের অব্যবস্থাপনা, চিকিৎসক সংকট, যন্ত্রপাতির অচলাবস্থা এবং পরিষেবায় গাফিলতির কারণে এলাকাবাসীর অসন্তোষ চরমে উঠেছে।
গত ৩দিনে তাদের দাবি নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলি পারভীন এবং ঝালকাঠি জেলার সিভিল সার্জনের সঙ্গে একাধিক দফায় বৈঠক হয়েছে। কর্মকর্তারা বেশ কয়েকটি দাবি বাস্তবায়নের মৌখিক আশ্বাস দিলেও আন্দোলনকারীরা লিখিত রূপরেখা না পাওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে ১২ দফা দাবী তুলে ধরেন তিনি।
দবীগুলো হলো-নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সব শূন্যপদে দ্রæত এমবিবিএস চিকিৎসক পদায়ন, অপারেশন থিয়েটার চালু করে সপ্তাহে অন্তত তিন দিন সিজারিয়ান সেকশন পরিচালনা, বিকল আলট্রাসনোগ্রাম মেশিন মেরামত বা নতুন মেশিন বরাদ্দ, পুরনো মডেলের পরিবর্তে নতুন ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপন, রক্ত পরিসঞ্চালন ব্যবস্থা চালু ও ডেঙ্গু, টাইফয়েড, লিপিড প্রোফাইলসহ পূর্ণাঙ্গ প্যাথলজি টেস্ট চালু, ব্লাডব্যাংক অনুমোদন ও স্বাস্থ্য কমপ্লেক্সে কক্ষ বরাদ্দ, লোডশেডিং মোকাবেলায় বিকল্প বিদ্যুৎ বা সোলার পাওয়ার সিস্টেম স্থাপন, অচল পানির ফিল্টার সচল করে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা, নার্স ও ল্যাব টেকনোলজিস্টের শূন্যপদ দ্রæত পূরণ করা, হাসপাতালের জন্য প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা, হাসপাতালের পরিচ্ছন্নতা, নিরাপত্তাসহ স্যানিটেশন ব্যবস্থা জোরদার করা, সব দাবি বাস্তবায়নের জন্য লিখিত রূপরেখা ও সময়সূচি প্রকাশ।
তিনি আরও বলেন,“আমরা নলছিটির দুই লক্ষ মানুষের স্বাস্থ্য অধিকার রক্ষায় মাঠে নেমেছি। মৌখিক প্রতিশ্রæতি নয়, দাবী বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো, ইনশাআল্লাহ।”




