
মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি পৌরসভাধীন ভাঙ্গাদেউলা এলাকায় ডাকাতদলের একজনকে আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের এক সদস্য শহীদ (৩৫) কে আটক করে এলাকবাসি গণধোলাই দিয়ে নলছিটি থানা পুলিশের কাছে সোপর্দ করে। আটক শহীদ (৩৫) বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বেতরা-কাবিলা বেয়ারীপুর এলাকার লাদেনের পুত্র । বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ আলী।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে ডাকাতদের সাথে গ্রিল কাটার রেঞ্চ এবং সবার হাতেই দেশীয় অস্ত্র ছিলো। ধাওয়া খেয়ে তারা নিজেদের পরনের পোশাক খুলে শুধু অন্তর্বাস পড়ে মুখে মাস্ক পরিহিত অবস্থায় দৌড়ে পালিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত বারোটার দিকে ভাঙ্গাদেউলা মল্লিকবাড়ির একটি পরিত্যক্ত মুরগির ফার্মের কাছে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো দশ বারোজনের একটি ডাকাত দল। এসময় স্থানীয় কয়েকজন ইজিবাইক চালক গাড়ি গ্যারেজে চার্জে রেখে ফেরার সময় দেখতে পান কিছু লোক অন্ধকারে একসাথে দাঁড়িয়ে শলাপরামর্শ করছে। এ অবস্থায় তারা ডাক চিৎকার দিলে ডাকাতরা ছত্রভঙ্গ হয়ে এদিক সেদিক দৌড়ে পালানোর চেষ্টা করে। ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘরের বাইরে এসে ডাকাতদলকে ধাওয়া দিলে শহীদ নামের একজন ধরা পরে, বাকিরা পালিয়ে যায়। স্থানীয় বিক্ষুব্ধ জনতা আটক ডাকাতকে গণপিটুনি দিয়ে থানায় খবর দিলে নলছিটি থানা পুলিশের টহল টিম এসে আহত অবস্থায় আটক শহীদকে থানায় নিয়ে যায়।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ আলী জানান, আটক শহিদ নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। বিষয়টি আদলতকে অবহিত করা হয়েছে। শারীরীক অবস্থার উন্নতি হলে তাকে ঝালকাঠি আদালতে চালান করা হবে।




