
মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে ইভা আক্তার (১৩) নামের ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার রাতে (সাড়ে ১০টার দিকে) উপজেলার শেকড়কাঠি গ্রামে বসত ঘরের বারান্দার আড়ার সঙ্গে ওড়না বেধেঁ গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। ইভা আক্তার ওই গ্রামের মো. শহিদ সিকদারের কন্যা। সে জুরকাঠি জেড.এ. ভুট্টো মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেছে।
ইভার চাচা মো. আব্দুর রশিদ সিকদার জানান, রোববার রাতে ইভাকে ঘরে রেখে তার মা আছমা বেগম পান খেতে পাশের ঘরে যান। এ সময় ইভা ঘরের বারান্দায় আড়ার সঙ্গে ওড়না বেঁধে গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। কিছুক্ষণ পরে ইভার বাবা অটো চালক শহিদ সিকদার বরিশাল থেকে বাড়ি ফিরে ঘরের দরজা খোলার জন্য ডাক দেন। কিন্তু কেউ দরজা না খোলায় তিনি ঘরের লোকজনকে খুঁজতে পাশের ঘরে গিয়ে তার স্ত্রীকে দেখতে পান। পরে দুইজনে ঘরে ফিরে ভেতরে ঢুকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় ইভাকে দেখতে পান।
তবে তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। পরিবারের সদস্যদের ভাষ্যমতে তাদের সঙ্গে মেয়ের কোনো কথা কাটাকাটিও হয়নি।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ আলী জানান, “ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের জন্য লাশ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”




