
মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: ক্রীড়াচর্চার মাধ্যমে যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। তিনি বলেন, ফুটবল বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা। তৃণমূল পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরি হলে ভবিষ্যতে তারাই জাতীয় দলে প্রতিনিধিত্ব করবে। তাই তরুণদের খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলতে হবে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ঝালকাঠির নলছিটি চায়না মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ -এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইলেন ভূট্টো আরও বলেন, ক্রীড়া একটি ইতিবাচক শক্তি। খেলাধুলা তরুণদের সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণেই বর্তমান সরকার খেলাধুলার উন্নয়নে গুরুত্ব দিচ্ছে।
এ সময় তিনি নলছিটি চায়না মাঠ সংস্কারের জন্য নগদ দুই লাখ টাকার অনুদান ঘোষণা করেন। তার এ ঘোষণায় স্থানীয় ক্রীড়ামোদীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। পরে তিনি পুরো সময় মাঠে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন।
নলছিটি পৌর স্বেচ্ছাসেবক দল আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় নলছিটি উপজেলা ক্রীড়া সংস্থা একাদশকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বরিশালের মোস্তফা ফুটবল একাডেমি একাদশ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি এবং রঙিন টেলিভিশন তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য ইলেন ভূট্টো।
এ সময় বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু, উপজেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল হক সহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, সাবেক কাউন্সিলর এনায়েত করিম মিশু, সরোয়ার হোসেন তালুকদার ও জিয়াউল কবীর মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল কবির রানা এবং যুবদল নেতা হাসিবুল হাসান সবুজসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াব্যাক্তিত্বরা উপস্থিত ছিলেন। শত শত দর্শক মাঠে উপস্থিত থেকে এ ফাইনাল খেলা উপভোগ করেন।




