Uncategorized

নওগাঁয় শহিদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ

নওগাঁ প্রতিনিধি: স্থানীয় একটি সামাজিক ও সাংস্কৃতিক এবং অরাজনৈতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে প্রায় দশ বছর যাবৎ মুক্তিযুদ্ধ ও গণহত্যা, বীরাঙ্গণা ও শহিদ বুদ্ধিজীবী নিয়ে গবেষণা করছে এ সংগঠন। ইতোমধ্যে দু’টি গ্রন্থও প্রকাশ করেছে তারা। যার একটি- গণহত্যা ১৯৭১ : নওগাঁ এবং রক্ত ঋণ ১৯৭১ : নওগাঁ। সংগঠনের সাধারণ সম্পাদক এবং মুক্তিযুদ্ধের গবেষক মোস্তফা-আল-মেহমুদ (এমএম রাসেল) এবিষয়ে বিস্তর গবেষণা করে যাচ্ছেন। গবেষণা করে ইতোমধ্যে ২৪ জন শহিদ বুদ্ধিজীবীদের নামও সংগ্রহ করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় নওগাঁর ঐতিহ্যবাহী প্যারীমোহন সাধারণ গ্রন্থাগারে সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে শহিদ বুদ্ধিজীবীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী বলেন- আমরা দীর্ঘদিন থেকে তথ্য সংগ্রহে মুক্তিযুদ্ধ ও গণহত্যা, বীরাঙ্গণা ও শহিদ বুদ্ধিজীবী নিয়ে গবেষণা করছি। গণহত্যা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রচনায় এ মুহুর্তে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। সরকার ইতোমধ্যে বীরাঙ্গণাদের কিছু তালিকা প্রকাশ করেছে। ভবিষ্যৎতে আরো করবে। ৩০ লক্ষ শহিদ ও মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমারা স্বাধীন হয়েছি। আমরা জেনেছি সরকার শহিদ বুদ্ধিজীবীর তালিকা প্রস্তুতির জন্য কাজ করছে। আমরা আশা করছি দেশের স্বাধীনতা সংগ্রামে যারা শহিদ হয়েছেন তাদেরও খুব অল্প সময়ের মধ্যে হয়ত সরকার তালিকা প্রকাশ করবেন।
তিনি বলেন- একুশে পরিষদ দীর্ঘদিন থেকে শহিদ বুদ্ধিজীবীদের তালিকা তৈরির দাবি জানিয়ে আসছে। দেশের তৃণমূল পর্যায়ে অনেক শিক্ষক, ডাক্তার, ব্যাংকার সরকারি চাকুরিজীবী, রাজনীতিক, চিকিৎসক রয়েছে। তাদের নিয়ে কোন তথ্যই নেই। এমনকি কেউ এগুলো নিয়ে লিখছেন না। দীর্ঘ দিনের গবেষণায় আমরা নওগাঁতে এ পর্যন্ত ২৪ জনের মতো শহিদ বুদ্ধিজীবীদের তথ্য পেয়েছি। ভবিষ্যৎ এ আরও পাওয়া যেতে পারে। আরও তথ্য পেলে সে তথ্য গুলো যুক্ত হবে।
শহিদরা হলেন- শিক্ষক মখলেছার রহমান চৌধুরী, কাজী আব্দুল জব্বার, এসএম ফজলুল হক, রাধা গোবিন্দ সরকার, অহীভূষণ সাহা, জিতেন্দ্র নাথ সরকার, মন্ম নাথ রায়, ভাষাসংগ্রামী লে. আনোয়ারুল আজিম, পুলিশ কর্মকর্তা সামসুদ্দিন সরদার, ১৯৫৪-র এমএলএ সুরত আলী মন্ডল, সরকারি কর্মকর্তা সিরাজুল ইসলাম ও মোয়াজ্জেম হোসেন, সুপার কর্মকর্তা নাজমুল হক, ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ হানিফ ও মমতাজ উদ্দিন খাঁ, সঙ্গীতজ্ঞ পন্ডিত মানিক কিশোর নান্যাসী, চাকুরিজীবী আব্দুল হামিদ চৌধুরী, সরকারি চাকুরিজীবী আবুল কাশেম, আইনজীবী আবু ফারুক চৌধুরী ও আব্দুল জব্বার, রাজনীতিক আমজাদ হোসেন, নাট্যশিল্পী বাসির আলী, জনপ্রতিনিধি আকতারুজ্জামান এবং শ্রমিক নেতা খাজা আব্দুস ছাত্তার।
এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, প্রতাপ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক মোস্তফা-আল-মেহমুদ (এমএম রাসেল), সহ-সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লিটন, উপদেষ্টা প্রফেসর শরিফুল ইসলাম খান, ডা. ময়নুল হক দুলদুল, সাংবাদিক ইমরুল কায়েশ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button