Uncategorized

নওগাঁয় থানা থেকে দেওয়া হবে জিডি ফরম

প্রতিনিধি নওগাঁ : নওগাঁ জেলার প্রতিটি থানা থেকে সাধারণ ডায়েরি (জিডি) করার ফরম সরবরাহ করা হবে। জিডি আবেদনকারী বিনা মূল্যেই এই ফরম সংগ্রহ করতে পারবেন। ফরম নিয়ে থানায় বসে কিংবা বাসায় পূরণ করে জমা দিতে পারবেন। আজ মঙ্গলবার দুপুরে নওগাঁ সদর থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া।
পুলিশ সুপার বলেন, জিডি করতে সাধারণ মানুষ ব্যাপক ভোগান্তিতে পড়েন বলে অভিযোগ রয়েছে। সেই অভিযোগ থেকে বের হয়ে আসতেই এবং মানুষের সুবিধার কথা চিন্তা করেই জিডি আবেদনকারী ব্যক্তিদের থানা থেকেই জিডির ফরম সরবরাহ করার ব্যবস্থা করা হয়েছে। নওগাঁর ১১টি থানাতেই জিডির বই সরবরাহ করা হয়েছে। যিনি জিডি করবেন, দায়িত্বরত পুলিশ কর্মকর্তা তাঁকে দুই পৃষ্ঠার একটি ফরম সরবরাহ করবেন। আবেদনকারী থানায় বসে পুলিশের সহায়তায় অথবা বাড়ি থেকে জিডি লিখে আনতে পারবেন।
পুলিশ সুপার আরও বলেন, ‘থানা থেকেই বিশেষ ফরম্যাটের জিডি ফরম সরবরাহ করার ফলে সুবিধাভোগী অথবা দালালদের দৌরাত্ম্য অনেকটাই কমে আসবে। দালালের সহযোগিতা ছাড়াই আবেদনকারী নিজেই নতুন জিডি ফরমে আবেদন করতে পারবেন।’
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আক্তার এবং এম মামুন খান চিশতী, নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন, পরিদর্শক (তদন্ত) আহসান বিন ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button