ধামরাই উপজেলায় টানা চতুর্থবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন আমিনুর রহমান
ধামরাই (ঢাকা) প্রতিনিধি : টানা চতুর্থবারের মতো এবারও ঢাকার ধামরাই উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন আমিনুর রহমান। তিনি ধামরাইয়ের কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ক্যাটাগরিতে আমিনুর রহমানকে চতুর্থবারের মতো নির্বাচিত করার বিষয়টি গতকাল বুধবার নিশ্চিত করেন ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহীন আশরাফী।
জানা গেছে, আমিনুর রহমান ১৯৯৮ সালে কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। এরপর ২০১৫ সালে তিনি একই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান। তিনি যোগদানের পর থেকেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি নিয়মিত সহ-পাঠ্যক্রম, শিক্ষামূলক কার্যক্রমে অত্যন্ত সুনামের সঙ্গে ভালো ফলাফল অর্জন করে আসছে। তাঁর দায়িত্ব গ্রহণের পর বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শ্বিক বিভিন্ন উন্নয়নমূলক কাজও করেছেন।
প্রধান শিক্ষক আমিনুর রহমান বলেন, প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সব সময় চেষ্টা করি নিজের সেরাটা দেওয়ার জন্য। আমাকে ২০১৮ সাল থেকে টানা চতুর্থবারের মতো এবারও উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।




