ধামরাইয়ে সিঁধ কেটে ঘরে ঢুকে বিধবাকে কুপিয়ে হত্যা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে সিঁধ কেটে ঘরে ঢুকে চন্দ্রবানু (৬২) নামে এক বিধবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের দক্ষিণ খরারচর গ্রামে। নিহত চন্দ্রবানু দক্ষিণ খরারচর গ্রামের মৃত রিয়াজুল ইসলাম রেজুুর স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী জানান, রোববার রাতে চন্দ্রবানু খাবার শেষে নিজ ঘরে একাই ঘুমিয়ে পড়ে। গতকাল সোমবার সকালে দরজা খোলা অবস্থায় তার ঘরের ভেতর চন্দ্রবানুর রক্তাক্ত লাশ দেখতে পান পরিবারের লোকজন। ওই ঘরে সিঁধ কাটাও ছিল। চন্দ্রবানুর মাথায়, হাতে ও কানে ধারালো অস্ত্রে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের ছেলে আবু বক্কর সিদ্দিকসহ পরিবারের লোকজনের ধারনা, দুর্বৃত্তরা রাতে সিঁধে কেটে ঘরে ঢুকে চন্দ্রবানুর কান ছিড়ে দুল, তিন ভরি স্বর্নালংকার, নগদ টাকাসহ মালামাল লুটে নেয়। এসময় বাধা দিলে তাকে কুপিয়ে ও শ^াসরোধে হত্যা করা হয়েছে।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, নিহত চন্দ্রবানুর মাথায়, হাতে ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে, মালামাল লুটে নিতেই দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়ে পালিয়েছে। এ হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।




