slider

ধামরাইয়ে জমি দখল নিয়ে উত্তেজনা পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে কাজ চলছেই

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার এক সময়ের রাজনৈতিক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু ও বিলট্রেড গ্রুপের চেয়ারম্যান এনায়েতুর রহমানের কাছ থেকে ক্রয় করা জমির দখল নিয়ে ইনডেট গ্রুপ ও এবি গ্রুপের মধ্যে চলছে চরম উত্তেজনা। রোববার বহিরাগত নিয়ে জমি দখল করে সীমানা নির্মাণের কাজ করতে যায় ইনডেট গ্রুপ। খবর পেয়ে বাধা দেন এবি গ্রুপের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। এতে হট্টগোলের সৃষ্টি হয়। পরে শান্তিশৃংখলা বজায় রাখার জন্য ধামরাই থানা পুলিশ ধাওয়া দিয়ে উভয় গ্রুপের লোকজন সরিয়ে দিয়ে ইনডেট গ্রপের কাজ বন্ধ করে দেন এবং মঙ্গলবার উভয় পক্ষকে এক সঙ্গে বসে সমাধান করার পর কাজ করার নির্দেশ দেন। কিন্তু গতকাল সোমবার বিকেলে পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করেই ইনডেট গ্রুপ ফের ভেকু মেশিন দিয়ে মাটি খুড়ে সীমানা নির্মাণ শুরু করেছে। এ নিয়ে যেকোন মুহূর্তে ঘটে যেতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা।
সরেজমিনে গিয়ে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় এবি গ্রুপের চলমান একটি স্পিনিং কারখানার পাশে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার এক সময়ের রাজনৈতিক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর কাছ থেকে ইনডেট গ্রুপের মালিক শাহরিয়ার আহমেদ ও বিলট্রেড গ্রুপের চেয়ারম্যান এনায়েতুর রহমানের কাছ থেকে এবি গ্রুপের মালিক আবুল হোসেন ১৬’শ শতাংশ জমি ক্রয় করেন।
এব্যাপারে এবি গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার হুুমায়ন কবির সবুজ জানান, সীমানা নির্ধারণ না করেই রোববার আমাদের এবি গ্রুপের সাড়ে ১৫ শতাংশ জমি দখল করে ভেকু মেশিন দিয়ে মাটি কাটতে শুরু করে ইনডেট গ্রুপ। এতে আমরা বাধা দিলে তারা বেশ কিছু বহিরাগত লোকজন এনে উত্তেজনার সৃষ্টি করে। পরে পুলিশ শান্তিশৃংখলা বজায় রাখার জন্য ইনডেট গ্রুপের কাজ বন্ধ করে দিয়ে উভয় পক্ষকে মঙ্গলবার কাগজপত্র নিয়ে থানায় যেতে বলেন। কিন্তু ইনডেট গ্রুপের লোকজন পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করেই গতকাল সোমবার বিকেলে ফের কাজ শুরু করেছে।
এদিকে ইনডেট গ্রুপের ম্যানেজার বাহার উদ্দিন এবি গ্রুপের জমি দখলের কথা অস্বীকার করে জানান, বোরবার আমরা আমাদের জমিতে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে সীমানা করতে গেলে প্রথমে এবি গ্রুপ বাধা দেয়। পরে পুলিশ এসে আমাদের কাজ বন্ধ করে দিয়ে থানায় যেতে বলেছে। কিন্তু আমাদের প্রয়োজনে আমরা অন্য পাশ দিয়ে আজ সোমবার ভেকু মেশিন দিয়ে কাজ করছি। এতে দোষের কি আছে?
এ বিষয়ে ধামরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, রোববার জমির মালিকানা ও দখল নিয়ে ইনডেট গ্রুপ ও এবি গ্রুপের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের লোকজনকে সরিয়ে দিয়ে শান্তিশৃংখলা বজায় রাখার জন্য ইনডেট গ্রুপের কাজ বন্ধ করে মঙ্গলবার উভয় পক্ষকে সমাধানের পর কাজ করার জন্য বলা হয়েছে। কিন্তু সোমবার আবার ইনডেট গ্রুপ কাজ করছে বলে শুনেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button