দ্বিতীয় টেস্টের প্রথম দিন হতাশার
প্রথম টেস্টে ব্যর্থতার পর টাইগার অধিনায়ক মুশফিকুর রহীম কথা দিয়েছিলেন ঘুরে দাড়ানোর। কিন্তু ব্লমফন্টেইন টেস্টের প্রথম দিন শেষে অন্তত তার কথা বাস্তবে পরিণত হওয়ার কোন সুযোগ নেই। বরং এই টেস্টেও যে রানের নিচে চাপা পড়তে চলেছে বাংলাদেশ তা এক রকম নিশ্চিত।
সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকা তুলেছে ৩ উইকেটে ৪২৮ রান। বাংলাদেশের বিপক্ষে টেস্টের প্রথম দিনে তোলা দ্বিতীয় সর্বোচ্চ রান। ২০০৫ সালে কলম্বো টেস্টের প্রথম দিনে বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটে ৪৪৯ রান তুলেছিল শ্রীলঙ্কা।
টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠিয়ে মুশফিকুর রহীম যে কতটা ভুল করেছেন তা টের পেতে খুব বেশি সময় লাগেনি। ওয়ানডে স্টাইলে রান তুলেছেন দুই প্রোটিয়া ওপেনার। ৫৩ দশমিক ৪ ওভারে ২৪৩ রান তুলে বিচ্ছিন্ন হয়েছে এই জুটি। শুভাশীষ রায়ের বলে ফিরে গেছেন ডিয়ান এলগার(১১৩)। এর কিছুক্ষণ পর দলীয় ২৭৬ রানে তার সঙ্গী এইডেন মারক্রামকে বোল্ড করেছেন রুবেল হোসেন(১৪৩)।
তৃতীয় উইকেটের দেখা পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। তেম্বা বাভুমা ফিরে গেছেন মাত্র ৭ রান করে। কিন্তু ওই শেষ। এরপর দিনের বাকিটা সময় উইকেটের জন্য মাথা কুটে মরেছেন বাংলাদেশী বোলাররা। কিন্তু তাদের হতাশ করেছেন হাশিম আমলা ও ফাফ ডু প্লেসিস। আমলা ৮৯ ও প্লেসিস ৬২ রানে অপরাজিত আছেন। ক্রিকইনফো




