দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ আসনে মনোনয়ন জমা

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ৩০ নভেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় কুমিল্লা-২ এলাকার সংসদ সদস্য ও নৌকা প্রীতিকে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী সেলিমা আহমাদ, হোমনা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ক্ষেমালিকা চাকমা’র কাছে মনোনয়ন ফরম জমা দেন। এসময় পৌর মেয়র এডভোকেট নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মহাসিন সরকার ও মোঃ মহিউদ্দিন খন্দকার উপস্থিত ছিলেন। বেলা সোয়া ১ টায় স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ ফরম জমা দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহআলম খন্দকার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুল হক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল ও মাহবুবুর রহমান খন্দকার । দুই প্রার্থীর ফরম জমার আগে পরে দু’পক্ষের মিছিল পাল্টা মিছিলে উত্তপ্ত হয়ে উঠে উপজেলা এলাকা, পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রাখতে র্যাব, পুলিশ ও আনসার বাহিনী তিনস্তরের নিরাপত্তা বলয় তৈরি করে। এসময় ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ হাসান। অধ্যক্ষ আব্দুল মজিদ মিছিল নিয়ে আসার সময় অগ্রভাগে নেতৃত্ব দেন সাবেক প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া ইমন সহ অন্যরা। এদিকে জাতীয় পার্টি মনোনীত কেন্দ্রীয় নেতা ও হোমনা উপজেলা সভাপতি এটিএম মঞ্জরুল ইসলাম শামীম মনোনয়ন ফরম জমা দেন, একজন আদর্শ শিক্ষক ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে তাঁর রয়েছে ব্যাপক পরিচিতি। অপরদিকে দিনের শেষ সময়ে জাকের পার্টির কেন্দ্রীয় নেতা ও হোমনার আলোচিত জাকেরান বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আব্দুল লতিফ স্বপন মনোনয়ন ফরম জমা দেন। দেশে সমস্ত আপদবিপদ থেকে রক্ষা পেতে গোলাপ ফুল মার্কায় ৭ জানুয়ারি ভোট দেওয়ার জন্য তিনি আবেদন করেন হোমনা মেঘনার ভোটারদের প্রতি।




