দৌলতদিয়ায় ঢাকামুখী যাত্রীর চাপ বাড়ছে
সংবাদদাতা দৌলতদিয়া (রাজবাড়ী) : গোয়ালন্দের দৌলতদিয়া ফেরি ঘাটে বেড়েছে ঢাকামুখী যাত্রীদের চাপ। গ্রামের বাড়িতে ঈদ উদযাপন শেষে মানুষ দক্ষিণাঞ্চল থেকে সড়কপথে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করায় বাড়ছে যাত্রীর চাপ। শুক্রবার সকাল থেকে গোয়ালন্দের দৌলতদিয়া ফেরি ঘাটে কর্মজীবী হাজার হাজার মানুষের ঢল নামে।
শুক্রবার বেলা বাড়ার সাথে সাথে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে যাত্রীরা ভেঙে ভেঙে মাহেন্দ্র, অটোরিকশা, ভ্যান ও ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে দৌলতদিয়া ঘাটে আসতে থাকে।
গণপরিবহন বন্ধ থাকার সুযোগে ওইসব ছোট গাড়ির চালকরা যাত্রীদের কাছ থেকে স্বাভাবিকের চেয়ে চার-পাঁচ গুণ বেশি ভাড়া আদায় করছে। করোনা প্রতিরোধে করণীয় নির্দেশনা উপেক্ষা করে হাজার হাজার যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে চলাচলকারী ফেরিগুলোতে গাদাগাদি করে নৌপথ পাড়ি দিচ্ছে।
যশোর থেকে আসা এক যাত্রী বলেন, এবারের ঈদ আসলে উৎসবের ছিল না। করোনাভাইরাসের কারণে পরিবার নিয়ে অনেক আগেই ঢাকা থেকে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। আগামী রবিবার থেকে অফিস খুলবে তাই একদিন আগেই ঢাকায় ফিরে যাচ্ছি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি বলেন, গতকাল দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাতটি ফেরি চলাচল করলেও আজ সকাল থেকে যাত্রী ও ব্যক্তিগত গাড়ির চাপ থাকার কারণে নয়টি ফেরি চলাচল করছে। বিকেলে যাত্রীর সাথে পণ্যবাহী পরিবহন যুক্ত হবার কারণে ফেরি বৃদ্ধি করা হবে।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি আব্দুল মুন্নাফ বলেন, দৌলতদিয়া প্রান্তে ঢাকামুখী যাত্রীর চাপ বৃদ্ধি পেয়েছে। নৌ পুলিশ করোনাভাইরাসের সংক্রমণ রক্ষায় সচেতনতার পাশাপাশি ঘাট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে।




