রাজনীতিশিরোনাম

‘দেশে ব্যাংক আছে টাকা নাই, আদালত আছে বিচার নাই’

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, বর্তমানে দেশে ব্যাংক আছে, টাকা নাই। হাসপাতালে ঔষধ নাই, মশা মারার ঔষধ নাই। ডেঙ্গু রোগীদের চিকিৎসা নাই। আদালত আছে বিচার নাই। কথা বলার অধিকার নাই।
তিনি বলেন, ভয়াবহ বন্যায় আক্রান্তদের জন্য রিলিফ নাই। ঘরে ভাত নাই, পকেটে টাকা নাই। সমাজে মনুষ্যত্ব নাই। সংসদ সদস্যরা আছে কিন্তু নির্বাচিত নন। পার্লামেন্ট আছে বিরোধী দল নাই। লোহার রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয়। কারো কোনো মাথা ব্যথা নাই।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় মুক্তি মঞ্চের ব্যানারে ‘দেশের সার্বিক বিরাজমান পরিস্থিতি ও উত্তরণের উপায়’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এলডিপি সভাপতি।
অলি আহমদ বলেন, ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের অর্ধেক টাকা, শেয়ারবাজারের লুণ্ঠিত টাকা সুইস ব্যাংকে জমার মাধ্যমে পাচার হয়ে গেছে। ব্যাংকের অবস্থা করুণ। আপনি যদি আপনার ব্যাংকে গচ্ছিত রাখা টাকা চেকের মাধ্যমে নিতে যান, ব্যাংক দিতে পারবে না।
তিনি বলেন, দেশ স্বাধীন হলেও জনগণ স্বাধীন হয় নাই। আমাদের সকলকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। আইনের শাসন, সুশাসন, ন্যায় বিচার, মানবাধিকার, দুর্নীতি ও মাদক মুক্ত, দলীয়করণ মুক্ত বাংলাদেশ গঠন করতে হবে। আমরা একে অপরকে দোষারোপ করে দেশকে তার অভীষ্ট লক্ষে পৌছাতে পারব না। সবাইকে সত্য উপলব্ধি করতে হবে, ন্যায়ের পথে থাকতে হবে। এবার আমাদের সকলের লক্ষ হবে জনগণকে স্বাধীন করা। এতেই সকলের মঙ্গল হবে, দেশে শান্তি ফিরে আসবে।
সভায় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বীর প্রতীক, নিউ নেশন পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল মজুমদার প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button