
দেশে নতুন করে কারো শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর।
শনিবার দুপুরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, নতুন করে কারো শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়নি। তবে সন্দেহ থাকায় দেশের বিভিন্ন হাসপাতালে ৯জনকে আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া চারজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন দুজন সুস্থ হয়ে উঠছেন জানিয়ে আইইডিসিআর পরিচালক বলেন, করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি দুজনের একটি পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টা পর আরেকটি নমুনা পরীক্ষা করা হবে। সেটির ফল নেগেটিভ আসলে তারা্ও হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারবেন।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখন পর্যন্ত স্কুল-কলেজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় না। পরিস্থিতি বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।
চীনের উহানে এই ভাইরাসের সংক্রমণ প্রথম দেখা যায়। দেশটির তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। বর্তমানে ইতালিতে এই ভাইরাস সবচেয়ে ভয়াবহ রূপ নিয়ে দেখা দিয়েছে। সেখানে অল্প সময়ে এক হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটেছে। শুধু শুক্রবারেই মারা গেছে ২৫০ জন। আক্রান্তের সংখ্যাও ১৭ হাজারের বেশি।
বাংলাদেশে যে তিনজনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, তাদের দুজনই এসেছেন ইতালি থেকে।




