দেশে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ মোকাবেলায় নজরদারি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ মোকাবেলায় নজরদারি বাড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বৈঠকে রমজান মাসে অফিসের সময়সূচি সকাল নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত নির্ধারণ করা হয়।
সোমবার (২৯ এপ্রিল) সকালে মন্ত্রিপরিষদের বৈঠকে তিনি এই নির্দেশ দেন বলে জানিয়েছেন মন্ত্রিসভার সমন্বয় ও সংস্কার বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ শামসুল আরেফিন।
মন্ত্রী পরিষদের নিয়মিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকে সম্প্রতি শ্রীলংকায় সন্ত্রাসী হামলা এবং এই ঘটনায় নিহত আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। আলোচনা হয় বাংলাদেশে সন্ত্রাসী হামলা মোকাবেলা নিয়েও।
সিনিয়র সচিব বলেন, শ্রীলঙ্কার ৮ স্থানে বোমা হামলায় ২৫৩ জন নিহত হওয়ায় মন্ত্রিপরিষদ গভীর শোক প্রকাশ করে শোক প্রস্তাব গ্রহণ করেছে। এছাড়া নজরদারি এবং সতর্কতা বৃদ্ধির জন্যে বলা হয়েছে। বৈঠকে আসন্ন রমজান মাসে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত নির্ধারণ করেছে মন্ত্রিসভা।
এছাড়া মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ শিল্প-কারিগরি সহায়তা কেন্দ্র আইন-২০১৯ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয় বলেও জানান তিনি।




