দেশের প্রথম ‘তৃতীয় লিঙ্গে’র ভাইস চেয়ারম্যান পিংকি
তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে দেশের প্রথম ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন পিংকি খাতুন। গতকাল ১৪ অক্টোবর, সোমবার ৫ম ধাপে অনুষ্ঠিত ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ৭৪১ ভোটের ব্যবধানে পরাজিত করে নির্বাচিত হন তিনি।
আরো দু’জন নারীর বিপরীতে এ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পিংকি খাতুন। তিনি ভোট পেয়েছেন ১২ হাজার ৮শ’ ৮০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুবিনা খাতুনের প্রাপ্ত ভোট সংখ্যা ১২ হাজার ১শ’ ৩৯ ভোট। এ পদে অপর প্রার্থী ছিলেন নাসিমা ইসলাম।
জানা গেছে, কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের সোয়াদি গ্রামের নওয়াব আলীর সন্তান পিংকি খাতুন। তৃতীয় লিঙ্গের মানুষের অধিকায় আদায়ের লক্ষ্যেই নির্বাচনে অংশ নেন বলে জানান তিনি। নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় পিংকি সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন এবং প্রচলিত বৈষম্য রোধে কাজ করার সংকল্প ব্যক্ত করেন।
নির্বাচনী প্রচারণা শুরু করার পর থেকেই জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন বলেও জানান পিংকি।
উল্লেখ্য, বিগত ৩ বছর ধরে কোটচাঁদপুর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়কের দায়িত্ব সামলাচ্ছেন পিংকি।
এদিকে, গতকালের নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শরিফুন্নেছা মিকি।




