প্রবাস

দেশের পথে কানাডায় আটকে পড়া ১৯৫ বাংলাদেশি

করোনাভাইরাস মহামারীর মধ্যে কানাডায় আটকে পড়া ১৯৫ জন বাংলাদেশি যাত্রী নিয়ে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইট বুধবার রাতে (কানাডার সময়) টরন্টো থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।
কানাডায় বাংলাদেশ মিশন থেকে বৃহস্পতিবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশি ছাত্রছাত্রীদের টরেন্টো বিমানবন্দরে বিদায় জানান।
কাতার এয়ারওয়েজের চার্টার্ড ফ্লাইটটি দোহায় এক ঘণ্টা যাত্রাবিরতি শেষে শুক্রবার (বাংলাদেশ সময়) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
ভ্রমণকারী যাত্রীদের মধ্যে বেশিরভাগ কানাডার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা বাংলাদেশী শিক্ষার্থী, পর্যটক এবং ব্যবসায় ভিসায় কানাডায় যাওয়া বাংলাদেশি নাগরিক এবং কয়েকজন প্রবাসী বাংলাদেশিও রয়েছেন।
কানাডায় বাংলাদেশের হাইকমিশনের সঙ্গে সমন্বয় করে পররাষ্ট্র মন্ত্রণালয় করোনা ভাইরাস মহামারীর প্রেক্ষিতে বিশ্বব্যাপী লকডাউনের মধ্যে সেখানে আটকে থাকা বাংলাদেশি নাগরিকদের অনুরোধে চার্টার্ড বিমানের ব্যবস্থা করেছিল।
বাংলাদেশ ৩০ মে পর্যন্ত টানা ষষ্ঠবারের জন্য ফ্লাইট পরিচালনার চলমান নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে।
সরকার এ পর্যন্ত ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন অন্যান্য দেশ থেকে আটকে পড়া বাংলাদেশিদের প্রত্যাবাসন করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button