Uncategorized

দেশকে রক্ষার জন্য দ্রুত জাতীয় নির্বাচন দিন-মেজর হাফিজ

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আজ আমরা দেশের ধ্বংসের মুখে দাঁড়িয়েছি। ধ্বংসের মুখ থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য, জঙ্গিবাদের ভয়াল থাবা থেকে দেশবাসীকে মুক্ত করার জন্য অবিলম্বে একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হোক। পাশাপাশি অতীতে যেসব রাজনৈতিক দল জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে, তাদের মতামত নিয়ে একটি সার্চ কমিটি করার আহ্বান জানান তিনি।
সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে হাফিজ উদ্দিন আহমেদ একথা বলেন।
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, জয়নাল আবেদীন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, আবুল হোসেন, লেবু গাজী প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের সরকারের অধীনে যে সার্চ কমিটি হবে, তাদের রাষ্ট্রপতি যে সার্চ কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশন উপহার দেবেন, সেটি রকীব উদ্দিন কমিশনের মতোই একটি কমিশন হবে। সুতরাং আমরা কেউ এদের কাছ থেকে সুষ্ঠু নির্বাচন আশা করি না। তবুও এদেশকে রক্ষা করার জন্য আমরা বিএনপির পক্ষ থেকে আবেদন জানাবো- অতীতে যেসব রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় ছিল, অতীতে যেসব রাজনৈতিক দল জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে, তাদের মতামত নিয়ে একটি সার্চ কমিটি করা হোক।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, কাজী রকীব উদ্দিনের যে নির্বাচন কমিশন এটি ইতোমধ্যে পৃথিবীর সব গণতন্ত্রকামী দেশের মুখে কলঙ্কের টিকা স্থাপন করে দিয়েছেন। কীভাবে কত প্রকার কারচুপি করতে হয়, এই কমিশন মানুষকে শিক্ষা দিয়েছে। জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে সিটি করপোরেশন, উপজেলা, ইউনিয়ন পরিষদ, প্রত্যেকটি নির্বাচনে কারচুপি হয়েছে। একটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মনোনয়ন পাওয়ার পরে বিজয় মিছিল বের করেন, তারা নির্বাচনে জন্য অপেক্ষা করেন না।
হাফিজ উদ্দিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি আগামীতে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়, সারাদেশে আগুন লেগে যাবে। গণতন্ত্রের সঙ্কট আমাদের দেশের প্রতিটি মানুষের সঙ্কট। এসময় মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার পদক প্রত্যাহার করে নেয়ার সরকারের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button