Uncategorized

দিনমজুর হত্যা মামলায় ইউপি সদস্যসহ ৯ জন কারাগারে

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে দিনমজুর মিরাজ শেখ (৩৫) হত্যা মামলার আসামি সদর উপজেলার কেওড়া ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলামসহ ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মোহাম্মদ পারভেজ শাহরিয়ার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী ফয়সাল খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ দুই ইউপি সদস্য নজরুল ইসলাম ও উজ্জল হোসেন খানের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি ২০২০সালের ১৪ ডিসেম্বর রাতে ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের রনমতি বাজারে দিনমজুর মিরাজ শেখকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। রাতেই আহত মিরাজকে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সারে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়। এতে কেওড়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য উজ্জল হোসেন খান ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলামসহ ১২ জনকে আসামি করে পরেরদিন সকালে নিহত মিরাজের মা মাকসুদা বেগম ঝালকাঠি সদর থানায় একটি হত্যা মামলা দায়ের
করেন। এ মামলায় গত ৩০ জানুয়ারি ইউপি সদস্য উজ্জল হোসেনসহ দুইজন আদালত আত্মসমর্পন করলে বিচারক তাদের জেল হাজতে পাঠায়।
মামলার প্রধান আসামি ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলামসহ ৯ জন উচ্চ আদালতের জামিনে ছিলেন। তাঁরা আজ বুধবার ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হলে বিচারক কারাগারে পাঠানো নির্দেশ দেন। এছাড়া এজাহারনামীয় এক আসামি এখনো পলাতক রয়েছেন বলে জানা গেছে।
মামলার বাদী নিহত মিরাজের মা মাকসুদা বেগম জানান, আসামিদের কারাগারে পাঠানো হয়েছে, এখন বিচারের পর তাদের ফাঁসি হলেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button